নতুন গাড়ি কিনে এখন মহাবিপদে আকাশদীপ। দিন তিনেক আগেই ক্যানসার আক্রান্ত দিদি এবং পরিবারের সদস্যদের নিয়ে কালো রঙের টয়োটা ফরচুনারকে পাশে রেখে ছবিও পোস্ট করেছিলেন ভারতীয় পেসার। সোমবার হঠাৎই তাঁর কাছে পৌঁছেছে উত্তর প্রদেশ পরিবহণ দফতরের এক নোটিশ। যেখানে লেখা রয়েছে তাঁর কেনা নতুন গাড়িটির রেজিস্ট্রেশনই হয়নি। নেই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট তথা এইচএসআরপি। বকেয়া রয়েছে পথ করও।
এতকিছু খামতি সত্ত্বেও গাড়ি নিয়ে পথে বেরিয়ে সমস্যা বাড়িয়েছেন বছর ২৭ এর বঙ্গ ক্রিকেটার আকাশদীপ। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে তাঁর বোলিং কিংবা ব্যাটিং যতোই নজরকাড়ুক, পরিবহণ দফতরের নিয়ম কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই যাবতীয় শর্ত ও বকেয়া পথ কর যথাযথ ভাবে দ্রুত পূরণ করতে হবে। যতক্ষণ না সব শর্তপূরণ হচ্ছে, ততোদিন গাড়ি নিয়ে পথে নামা যাবে না। আর শর্ত না মানলে বাজেয়াপ্ত করা হবে গাড়িটি ।
শুধু আকাশদীপের কাছেই নয়, কড়া নোটিশ পৌঁছেছে গাড়ির দোকানেও। গাড়ির ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে, শো রুম থেকে ১ মাস গাড়ি বিক্রিবাটায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। নতুন গাড়ি বিক্রি করার সময় কেন পরিবহণ দফতরের নিয়মকানুন মানা হয়নি, তার জবাবও চাওয়া হয়েছে ১৪ দিনের মধ্যে।
পরিবহণ দফতরের সাফ বক্তব্য, আমজনতা সবসময়ই সেলিব্রিটিদের অনুকরণ করে। তাই গাড়ি নিয়ে পথে নামার আগে সবকিছু যথাযথ কী না তা দেখাটা কিন্তু জরুরী। অন্যথায় বিপদ সব ক্ষেত্রেই বাড়বে।
ইংল্যান্ড থেকে দেশে ফেরার পরপরই সোজা দেশের বাড়ি সাসারামে চলে যান আকাশদীপ। পরিবারের সদস্যদের সময় কাটানোর পাশাপাশি অসুস্থ দিদির পাশে থাকতে। সেখানে পরিবারের সদস্যদের জন্যে কেনেন আধুনিক মডেলের নতুন গাড়িটি। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভরিয়েছেন নেট নাগরিকরা। আকাশদীপের পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবেরা।
