প্রবল উত্তেজনা আরবসাগরে।
সোমবার আরব সাগরে যুদ্ধের মহড়ায় নামল ভারতীয় নৌসেনা। অন্যদিকে, একইদিনে আরব সাগরে যুদ্ধ মহড়া শুরু করছে পাকিস্তানি নৌসেনাও। মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরত্বে যুদ্ধের মহড়ায় মেতে উঠেছে যুযুধান এই দুই দেশ। দুই দেশের এই মহড়া চলবে ১২ অগস্ট মঙ্গলবার পর্যন্ত।
অপারেশন সিঁদুরের পর আরব সাগরে একইদিনে মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরত্বে দুই দেশের এই পৃথক নৌ মহড়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কুটনৈতিক মহল।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ভারতীয় নৌ-বাহিনী গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলের কাছে ১১ এবং ১২ অগস্ট নৌ-মহড়া চালাবে। এই মহড়াকে নিতান্তই রুটিন ব্যাপার বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। মহড়া চলাকালীন সংশ্লিষ্ট আকাশসীমায় বিমান ওড়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিরক্ষামন্ত্রক। একইভাবে পাক নৌবাহিনীও মহড়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অপারেশন সিঁদুরের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে। প্রবল উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এরই মাঝে সোমবার আরব সাগরে ভারত ও পাক নৌসেনার এই পৃথক যুদ্ধমহড়া। যা দুই দেশের মধ্যে সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
রবিবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে একপ্রস্থ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে বলেন, “আমরা আপনার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছি। তবে চিন্তা করবেন না, আপনি আরও একটা সুযোগ পাবেন।” জানা গিয়েছে, অপারেশন সিঁদুর অভিযানে ভারতীয় নৌসেনা করাচিতে আক্রমণ চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে, শেষ মুহূর্তে এই আক্রমণের সিদ্ধান্ত বাতিল করা হয়। তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নৌসেনা প্রধানের উদ্দেশে ওই মন্তব্য করেন। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক সেনাপ্রধানের ভারতকে হুমকি দেওয়ার দিনেই আরব সাগরে যুযুধান ভারত-পাক রণতরী।
Leave a comment
Leave a comment
