শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাবের ঐতিহ্য রক্ষায় এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল ক্লাবের সমর্থকদের সংগঠন। রবিবার কালীঘাটের বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন সমর্থকরা। মুখ্যমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং উপযুক্ত বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে মহমেডান সমর্থকদের সংঠগন।
লগ্নিকারী সংস্থার সঙ্গে সংঘাতের জেরে প্রবল ভবিষ্যৎ সংকটে শতাব্দী প্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাব। ফুটবলারদের বকেয়া মেটানো যায়নি, যে কারণে মহমেডানকে নির্বাসিত করেছে ফিফা। ফলে মরশুম শুরু হলেও এখনও পর্যন্ত কোনও ফুটবলারকে সই করাতে পারেনি তারা। এ নিয়ে ইতিমধ্যেই ক্লাবের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকরা। মহমেডান ক্লাবের মালিকানা হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে ডামাডোল। হস্তান্তর না হওয়ায় লগ্নি বন্ধ করেছে লগ্নিকারী সংস্থারা। বকেয়া না মেটানোয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী সংস্থারা যেমন পিছু হটেছে, তেমনি টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেছেন ফুটবলাররা। পাশাপাশি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা-র কাছে নালিশও জানিয়েছেন ফুটবলাররা। ফুটবলারদের অভিযোগের ভিত্তিতেই ফিফা শতাব্দী প্রাচীন মহমেডান ক্লাবকে নির্বাসিত করেছে। শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভিতরেও মহমেডানের পারফরম্যান্সেও এই ডামাডোল প্রভাব ফেলেছে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ক্লাবের পারফরমেন্স যেমন বেহাল তেমনি চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মহমেডান। একাধিকবার ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখিয়েও কোনও সুরাহা হয়নি। এর আগে কলকাতার তিন প্রধানের খেলাধুলা ও পরিকাঠামো উন্নয়নের জন্য শুধু অর্থ বরাদ্দই নয়, ৩ শতাব্দী প্রাচীন ক্লাবের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই এই ক্লাবগুলির সমস্যার সমাধানে আন্তরিকভাবে সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে মহমেডান ক্লাবের দুর্দশা থেকে রক্ষাকর্তা হিসেবে মুখ্যমন্ত্রীই ভরসা মহমেডান সমর্থকদের কাছে।
Leave a comment
Leave a comment
