কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন প্রয়াত কংগ্রস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জল প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে ফয়জল বলেন, দেশ নিরাপদ হাতেই আছে। দেশ সুরক্ষিত আছে।
অপারেশন সিঁদুর, ভোটচুরির মতো বিভিন্ন অভিযোগ নিয়ে কংগ্রেস যখন বিজেপিকে কোণঠাসা করে ফেলেছে সেই সময় ফয়জলের এই মন্তব্য কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রায় মাসখানেক আগে কংগ্রেস নেতা ফয়জল স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আর দলের হয়ে কাজ করবেন না।
প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল গুজরাট থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে প্রায় তিন দশক তিনি ছিলেন রাজ্যসভার সদস্য।
সোনিয়া গান্ধীর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত আহমেদ প্যাটেল ছিলেন দলনেত্রীর রাজনৈতিক পরামর্শদাতা। দলের কাছে ক্রাইসিস ম্যানেজার হিসেবেও পরিচিত ছিলেন আহমেদ প্যাটেল। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন । সেই সময় তাঁর মৃত্যু হয়।
প্রশ্ন হল হঠাৎ কেন কংগ্রেসের প্রতি এত ক্ষোভ ফয়জলের? রাজনৈতিক বিশ্লেষণ থেকে উঠে আসা তথ্যে জানা গিয়েছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে গুজরাটের ভারুচ আসনে কংগ্রেস ফয়জলকে প্রার্থী করেনি। কারণ নির্বাচনী বোঝাপড়ার কারণে ভারুচ কেন্দ্রটি আম আদমি পার্টিকে ছাড়তে হয়েছিল। দলের এই সিদ্ধান্তে কংগ্রেস হাই কমান্ডের প্রতি ক্ষুব্ধ ছিলেন ফয়জল এবং তাঁর বোন মমতাজ।
ফয়জল জানিয়েছেন, দল ছাড়লেও তিনি অন্য কোনওভাবে মানুষের সেবা করবেন। তাদের পাশে থাকবেন। অবশ্য কংগ্রেস তার কাছে পরিবারের মতো বলেও দাবি করেছেন ফয়জল। এই প্রসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেসের শীর্ষ নেতারা অনেকেই তাঁর পরিবারের সদস্যের মতো। তাঁদের সকলের সঙ্গেই তিনি সুসম্পর্ক বজায় রেখে চলতে চান।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন ফয়জল।
তিনি বলেছেন, পহেলগাঁওয়ে হামলার পর সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে তাতেই বোঝা যাচ্ছে দেশ নিরাপদ হাতে আছে। অপারেশন সিঁদুরের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝিয়ে দিয়েছেন, তিনি প্রকৃতই দেশের নেতা। একইসঙ্গে ফয়জল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসাও করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে একজন আমলাকে সফল বিদেশমন্ত্রী করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী দেশ সম্পর্কে কতটা ভাবেন।
লোকসভাযর বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে অত্যন্ত পরিশ্রমী নেতা বলে ফয়জল উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, কংগ্রেসে শশী থারুর, ডি কে শিবকুমার, শচীন পাইলটের মতো বহু যোগ্য নেতা আছেন।
