২০৩০ সালে আমেদাবাদে ফের বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। চূড়ান্ত অনুমোদন স্রেফ সময়ের অপেক্ষা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারতের বিড অনুমোদন করেছে। প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে নির্ধারিত হয়েছে আহমেদাবাদ। ইতিমধ্যেই ভারত ‘Expression of Interest’ জমা দিয়েছে কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষকে। ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত বিড দাখিল করতে হবে ভারতকে।
কানাডা বিড প্রত্যাহার করায় ভারতের গেমস আয়োজনের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। কমনওয়েলথ স্পোর্টসের গেমস ডিরেক্টর ড্যারেন হল-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি আহমেদাবাদে ভেন্যুগুলি পরিদর্শন করেছে এবং গুজরাট সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। আগস্ট মাসের শেষের দিকে আরও বড় পরিদর্শন দল আহমেদাবাদে আসার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কল্যাণ চৌবে বলেন, “সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন আমরা প্রস্তুতি পুরোদমে শুরু করব।”
এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য রোহিত রাজপাল জানিয়েছেন, “২০২৬ সালের গ্লাসগো গেমসে অনেক গুরুত্বপূর্ণ খেলা বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা ২০৩০-এর আসরে পূর্ণাঙ্গ গেমস আয়োজন করব, যেখানে সব খেলাই থাকবে, বিশেষ করে যেসব খেলায় আমরা পদক জেতার সম্ভাবনা রাখি।”
কমনওয়েলথ গেমসে তিন ধরনের খেলা থাকে। মূল (core) খেলা, আয়োজক দেশের পছন্দের খেলা এবং অতিরিক্ত খেলা।
রাজপাল বলেন, “আমরা এমন একটি গেমস আয়োজন করতে চাই যেখানে বিশ্বে প্রচলিত অন্যান্য খেলার পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী এবং স্থানীয় খেলাগুলিও থাকবে।”
চৌবে যোগ করেন, “শুটিং, তীরন্দাজি, বক্সিং, কুস্তির মতো যেসব খেলায় আমরা পদক জিতে থাকি, সেগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি কাবাডি ও খো খো-র মতো ঐতিহ্যবাহী ভারতীয় খেলাও অন্তর্ভুক্ত করা হবে।”
২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ নির্ধারণ করবে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলি, যা আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভারতের আমেদাবাদ শহরকেই যে আয়োজনের দায়িত্ব দেওয়া হবে, তা এক প্রকার নিশ্চিত এখন থেকেই বলা যায়। ক্রীড়া মহল মনে করছে, ভারতকে কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন, আগামী ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দাবিকে আরও জোরালো করবে।
