প্রথম দিনে রজনীকান্তের নতুন তামিল ছবি কুলি একেবারে সুপারহিট। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ছবিতে রজনীকান্তের সঙ্গে রয়েছেন আমির খান, নাগার্জুন ও শ্রুতি হাসান। দেবা নামে এক সোনাপ্রচারকারীকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে মুক্তির প্রথম দিনেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির অবৈধ কপি। বৃহস্পতিবার দুপুর থেকেই টেলিগ্রাম চ্যানেল ও বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে মিলতে থাকে ছবির একের পর এক প্রিন্ট। সার্চ ইঞ্জিন গুগলে ‘কুলি ফ্রী ডাউনলোড’
রীতিমতো ট্রেন্ডিং হয়। কিছুক্ষণের মধ্যেই ছবির লিংক পৌঁছে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও বড় চ্যানেলে। এই ঘটনায় ছবির ব্যবসা নিয়ে উদ্বেগে পড়েছেন প্রযোজক।
তবে ছবি মুক্তির প্রথম দিনে বেশিরভাগ প্রেক্ষাগৃহ ছিল হাউস ফুল। ছবি দেখে বেরিয়ে এসে দর্শকরা সকলেই উচ্ছ্বসিত। তাঁরা বলছেন, দারুণ ছবি হয়েছে। ৭৪ বছর বয়সেও অভিনয়ে চমকে দিয়েছেন রজনীকান্ত। দর্শকদের দাবি, ছবিটির বিভিন্ন দৃশ্য বিশেষ করে অ্যাকশন দৃশ্য খুবই আকর্ষণীয়। ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে টানটান উত্তেজনা। এই ছবিতে রজনীকান্ত যে অভিনয় করেছেন তা ভোলার নয়। অ্যাকশন দৃশ্যে তাঁর অভিনয় অসামান্য।
দর্শকদের দাবি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছবি যেন এক সুনামি। এই ছবিতে যেমন মারমার কাটকাট অ্যাকশন রয়েছে তেমনি রয়েছে নাটকীয়তা। সর্বোপরি আছেন রজনীকান্ত ম্যাজিক।
অভিনয়ের পাশাপাশি এই ছবিতে রয়েছে অনিরুদ্ধের দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর। রয়েছে সিটি বাজানোর মুহূর্ত। সব মিলিয়ে এই ছবি যেন উৎসবের চেহারা নিয়েছে। ছবিতে অভিনয়ের ক্ষেত্রে দাগ কেটেছেন আমির খানও। ছবিতে নিজেদের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন নাগার্জুন, সত্যরাজ, উপেন্দ্র, শ্রুতি হাসান এবং সৌবিন শাহিরের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
রজনীকান্তের অভিনয়ের পাশাপাশি দর্শকরা অনেকেই পরিচালক লোকেশেরও প্রশংসা করেছেন। দর্শকদের দাবি, ছবিটির গল্পেও রয়েছে নতুনত্ব। চিত্রনাট্যে রয়েছে বিশেষ চমক। দর্শকদের আশা, আগামী কয়েক সপ্তাহ এই ছবি বিপুল পরিমাণ ব্যবসা করবে।
জানা গিয়েছে, প্রথম দিনেই ১২ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এরপর রয়েছে স্বাধীনতা দিবস-সহ বিভিন্ন সরকারি ছুটি। এই ছুটিতে কুলি নিশ্চিতভাবেই বড় মাপের ব্যবসা করবে।
