তারকেশ্বর থেকে বিহারের মতিয়ার যাওয়ার পথে পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত পুণ্যার্থীদের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ১ লক্ষ টাকা এবং কম আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রথামাফিক রাজভবনে রাজ্যপালের চা চক্রে যোগ দিয়ে বেরোনোর পথে এই আর্থিক সাহায্যের কথা জানান মুখ্যমন্ত্রী।
বিহারের মতিয়ার থেকে আসা ৪৫ জন উন্নতি গঙ্গাসাগর ও তারকেশ্বর দর্শনের পর স্বাধীনতা দিবসের সকালে বিহারের পথে ফিরছিলেন। পথিমধ্যে ১৯ নম্বর জাতীয় সড়কে নলা ফেরিঘাটের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরির পিছনে সজোরে ধাক্কা মেরে পুণ্যার্থীদের বাস উল্টে যায়। বহু যাত্রী গুরুতর জখম হন। বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ১১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতদের সকলেই বিহারের বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন যারা তাদের অধিকাংশই বিহারের বাসিন্দা। তাদের জন্য এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে বলে জানা গেছে। বর্ধমান হাসপাতালে আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার দায়িত্বে রয়েছেন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার দুজনেই। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে। বেপরোয়া গতি না যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
