স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রতি বছরই মাথায় পাগড়ি পরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মাথায় থাকা বাহারি পাগড়ির থাকে বিশেষ গুরুত্ব ও রাজনৈতিক তাৎপর্য। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণেও পাগড়ি ছিল প্রধানমন্ত্রীর মাথায়। অন্য বছরগুলির মতো ২০২৫-এও তাঁর পাগড়ি ও পোশাকে ছিল বিশেষ চমক।
লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে নিজের ১২তম ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী পরেছিলেন একটি গেরুয়া রঙের পাগড়ি। সাদা কুর্তা-চুড়িদারের উপর ছিল গেরুয়া রঙের গলাবন্ধ জ্যাকেট। গলায় তেরঙা উত্তরীয়। এই গেরুয়া রং হল ত্যাগ, সাহস ও শৌর্যের প্রতীক। রাজনৈতিক মহল মনে করছে, এই পাগড়ির রঙে প্রধানমন্ত্রী দেশবাসী ও সেনা জওয়ানদের সাহসের কথাই তুলে ধরেছেন।
জানা গিয়েছে, এবার প্রধানমন্ত্রীর মাথায় থাকা
পাগড়ি তৈরি হয়েছে গুজরাটের ঘরচোলা কাপড় দিয়ে। সাধারণত বিয়ের মতো শুভ অনুষ্ঠানের সময় মেয়েরা এই কাপড় পরেন। মেয়েকে আশীর্বাদ স্বরূপ এই কাপড় দেওয়া হয়। মেয়ে যাতে স্বামীর ঘরে সুখে, স্বাচ্ছন্দে ও খুশিতে থাকতে পারে তার জন্য এই কাপড় দেওয়া হয়। অর্থাৎ এই ঘরচোলা কাপড় নারী ক্ষমতায়নের প্রতীক। একই সঙ্গে সুখ-স্বাচ্ছন্দের প্রতীকও। যেহেতু এই কাপড় বিবাহের পোশাক তাই সাধারণত লাল, মেরুন, সবুজ বা হলুদ রঙের হয় ঘরচোলা। এই রঙগুলি শুভ বলে মনে করা হয়। তাই প্রধানমন্ত্রী তাঁর পাগড়ির কাপড়ের রং হিসেবে কমলা বা গেরুয়াকেই বেছে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বরাবরই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন। যে কারণে অপারেশন সিঁদুরের পর দুই মহিলা সেনাকর্তা সংবাদমাধ্যমকে ঘটনার বিবরণ শুনিয়েছিলেন। আর মাস কয়েকের মধ্যেই বিহার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে মহিলাদের মন পেতেই প্রধানমন্ত্রীর তাঁর পাগড়ি তৈরির জন্য গুজরাটের ঘরচোলা কাপড় বেছেছেন বলে মনে করা হচ্ছে।
প্রতি বছরই প্রধানমন্ত্রীর পাগড়ি নিয়ে বিস্তর আলোচনা হয়। গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর মাথায় কী ধরনের পাগড়ি দেখা গিয়েছে তা একবার দেখে নেওয়া যাক।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে রাজস্থানি লেহেরিয়া প্রিন্টের পাগড়ি পরেছিলেন মোদি। সঙ্গে ছিল হালকা নীল রঙের গলাবন্ধ জ্যাকেট। ২০২৩ সালে ১০ম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি হলুদ, সবুজ ও লাল রঙের মিশ্রণে রাজস্থানের বান্ধেজ সাফায় সেজেছিলেন।
২০২২ সালে সাদা সাফা পরেছিলেন, যার উপর ছিল তেরঙা চেক। সাদা কুর্তা-পাজামার উপর নেভি ব্লু রঙের ওয়েস্টকোট পরেছিলেন প্রধানমন্ত্রী।
২০২১ সালে মহারাষ্ট্রের কোলাপুরি ফেটা স্টাইলের পাগড়ি পরেছিলেন মোদি। ওই পাগড়ি ছিল প্রধানমন্ত্রীর গোড়ালি পর্যন্ত লম্বা।
২০২০ সালে কমলা ও হলুদ রঙে তৈরি পাগড়ি পরেছিলেন। গলায় ছিল সাদা স্কার্ফ।
২০১৯ সালে কমলা ও সবুজ রঙের রাজস্থানি পাগড়ি ছিল মোদীর মাথায়। সঙ্গে ছিল সাদা হাফ-শার্ট কুর্তা। ২০১৮-য় লাল ও গেরুয়া রঙের পাগড়ি পরেছিলেন প্রধানমন্ত্রী। পরণে ছিল সাদা কুর্তা। ২০১৭ সালে পরেছিলেন গোলাপি, হলুদ ও কমলা রঙের টাই-অ্যান্ড-ডাই পাগড়ি।
Leave a comment
Leave a comment
