জীবনসঙ্গী বেছে নেওয়ার দিক থেকে বাবার পথেই হাঁটলেন ছেলে। নতুন জীবনের একটি বিশেষ অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিকেট আইকন শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। খবর অনুযায়ী, ২৫ বছর বয়সি অর্জুন, সানিয়া চন্দোক (২৬) এর সঙ্গে ১৩ অগস্ট, ২০২৫ তারিখে বাগদান সম্পন্ন করেছেন। এই বাগদানের বিশেষ বিষয় হল এই জুটির বয়সের ব্যবধান।
শচীন ও অঞ্জলির বয়সের ফারাকের সঙ্গে বেশ মিল রয়েছে। শচীন, অঞ্জলির চেয়ে পাঁচ বছর ছোট হলেও ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। তেমনি অর্জুনও নিজের বয়সের চেয়ে এক বছর বড় সানিয়ার সঙ্গে প্রেমে লিপ্ত।
শচীন তেন্ডুলকরের পুত্র ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৩ সালে অভিষেক হয়েছিল তাঁর। বাম-হাতি পেসার ও ব্যাটার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার ধীরে ধীরে এগচ্ছে।
অর্জুনের জন্ম ১৯৯৯-এর ২৪ সেপ্টেম্বর। তিনি এখন ২৫। অন্যদিকে, ২৩ জুন ১৯৯৮ সালে জন্ম সানিয়া চন্দোকের। এখন তাঁর ২৬ বছর বয়স। তিনি অর্জুনের চেয়ে এক বছরের বড়।
শচীনের জন্ম ১৯৭৩-এর ২৪ এপ্রিল। অঞ্জলির জন্ম ১৯৬৭-র ১০ নভেম্বর। ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। অঞ্জলি পেশায় চিকিৎসক ছিলেন। যদিও বিয়ের পর তিনি কেরিয়ার ছেড়ে দেন। নিজের ক্রিকেটজীবনের সাফল্যের পিছনে বার বার অঞ্জলির কথা উল্লেখ করেছেন শচীন। স্ত্রী এবং দুই সন্তান অবসরের দিনেও ছিলেন তাঁর পাশে।
অর্জুনের ক্রিকেট যাত্রা শুরু হয় মুম্বইয়ের হয়ে ২০২০-২১ মরসুমে। হরিয়ানার বিরুদ্ধে তিনি তার টি-টোয়েন্টি অভিষেক সম্পন্ন করেন। এর আগে তিনি মুম্বইয়ের জুনিয়র দলের হয়ে খেলেছেন। সিনিয়র দলে সুযোগ না পেয়ে ২০২২-২৩ মরসুমে অর্জুন গোয়ায় যোগ দেন। গোয়ায় তিনি প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে অর্জুন করেছেন ৫৩২ রান, যার মধ্যে রয়েছে একটি শতরান এবং দুটি অর্ধশতরান। এছাড়া তার ঝুলিতে রয়েছে ৩৭টি উইকেট। আপাতত তাঁর ক্রিকেট কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা।
