বিধানসভার নির্বাচনে এখনও বেশ কয়েক মাস বাকি। অথচ এত আগে থেকেই বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের নাম তালিকা চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই চাহিদা জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী বলে উল্লেখ করে হাইকোর্টে মামলা দায়ের করল তৃণমূল। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয়। নির্বাচনের এত আগে থেকে কারা বুথ লেভেল এজেন্ট হবেন তার নির্ধারণ করা যেমন মুশকিল তেমনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নির্বাচনী বিধি বা কেন্দ্রীয় জনপ্রতিনিধিত্ব আইনকে লংঘন করে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। যদিও বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন। নিয়ম মেনেই তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি সিনহা। তবে নির্দিষ্টভাবে কোন দিন এই মামলা শোনা হবে তা জানায়নি হাইকোর্ট। এর আগে বিচারপতি সিনহার এজলাসেই বিএলও-রা নিরাপত্তার অভাবের কথা তুলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করেছিলেন। কিন্তু বিচারপতি সিনহা প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েন করেও ভোটের ডিউটি করতে হবে বলে বি এল ও দের জানিয়ে দেন।
