আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তার পরই আগামী অক্টোবরে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ। এই লিগে ভারতীয়দের মধ্যে থেকে কারা কারা অংশ নিতে চলেছেন সেটাই জানিয়ে দেওয়া হল এবার।
শীর্ষ ২০ বিশ্ব র্যাঙ্কিং এবং সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনী ট্রায়ালের ভিত্তিতে তীরন্দাজদের নির্বাচন করেছে ভারতের তীরন্দাজ অ্যাসোসিয়েশন ( AAI)। এর পর লিগের জন্য যে যে ভারতীয় তীরন্দাজদের মনোনীত করা হয়, তার মধ্যে রয়েছেন অলিম্পিয়ান দীপিকা কুমারী, বি. ধীরাজ, ভি. জ্যোতি সুরেখা এবং অভিষেক ভার্মার মত তারকারা।
শুধু ভারতীয় তারকারাই নন। আসন্ন আর্চারি প্রিমিয়ার লিগে নামজাদা আন্তর্জাতিক তীরন্দাজরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে। এক নজরে আসন্ন প্রিমিয়ার লিগে মনোনীত হওয়া ভারতীয়রা:
পুরুষদের রিকার্ভ: বি. ধীরাজ (বিশ্ব র্যাঙ্কিং ১৪), তরুণদীপ রাই, অতনু দাস, নীরজ চৌহান, রাহুল, রোহিত কুমার, মৃণাল চৌহান, শচীন গুপ্ত এবং কৃষ কুমার।
মহিলাদের রিকার্ভ: দীপিকা কুমারী (বিশ্ব র্যাঙ্কিং ৩), অঙ্কিতা ভকত, ভজন কৌর, গাথা খাড়কে, শর্বরী শিন্ডে, বাসন্তী মাহাতো, কুমকুম মোহদ, তিশা পুনিয়া এবং আংশিকা কুমারী।
পুরুষদের কম্পাউন্ড: ঋষভ যাদব (বিশ্ব র্যাঙ্কিং ৯), অভিষেক ভার্মা (বিশ্ব র্যাঙ্কিং ১০), প্রথমেশ ফুগে (বিশ্ব র্যাঙ্কিং ১১), প্রিয়াংশ (বিশ্ব র্যাঙ্কিং ১৬), আমান সাইনি, ওজস দেওতালে, সাহিল যাদব, চিত্তিবোম্মা জিগনাস এবং পুলকিত কাজলা।
মহিলাদের কম্পাউন্ড: ভি. জ্যোতি সুরেখা (বিশ্ব র্যাঙ্কিং ৩), পারনীত কৌর (বিশ্ব র্যাঙ্কিং ১৭), পৃথিকা প্রদীপ, তানিপার্থী চিকিথা, অবনীত কৌর, মাদালা সুরিয়া হংসিনী, স্বাতী দুধওয়াল, মধুরা ধামানগাঁওকর এবং প্রাঞ্জল সালভে।
