শেখ হাসিনার আমল শেষ। এখন নির্বাচিত সরকার পেতে একটা সুষ্ঠু ভোটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন আয়োজন করার কাজটি করবে নির্বাচন কমিশন। সেই হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলা জানিয়ে দিলেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের তথ্য অনুযায়ী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার আহমেদ জানিয়েছেন যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনও যুক্তিসংগত কারণ নেই । তিনি আরও বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০’র জায়গায় ৬০০জন করে ভোটার থাকবে।
ইসি সচিব জানিয়েছেন, বাংলাদেশে গত সংসদ নির্বাচনে ১২ কোটি বেশি ভোটারের জন্য ৪২ হাজারেরও বেশি ভোট কেন্দ্র ছিল। এবার ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটি।
ইসি সচিব আরও জানিয়েছেন যে সীমানা নিয়ে আপত্তির শুনানি হবে রবিবার। ইসির তথ্য এবার ৩০০ আসনের মধ্যে ৮৩টি আসনের দেড় সহস্রাধিক দাবি ও আপত্তি এসেছে। সেগুলোর শুনানি শেষ করে তাড়াতাড়ি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।
অন্যদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে বলে রবিবার সাংবাদিকদের জানিয়ে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মতো নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে।সরকারের এই অবস্থান মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।
