ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গৌতম গম্ভীরকে। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দলকে ২-০ জিতিয়েছিলেন গম্ভীর। কিন্তু তারপরই রোহিতদের ৩-০ চুনকাম করে নিউজিল্যান্ড। এর পর অস্ট্রেলিয়ায় গিয়েও ১-৩ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি খুইয়ে আসে ভারত। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেও ব্যর্থ তারা।
আবার সেই গম্ভীরের কোচিংয়েই সদ্য বিলেতের মাটিতে টেস্ট সিরিজ ২-২ ড্র করেছে ভারত। তাই গম্ভীরের হয়ে এবার সমালোচকদের জবাব দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন টিম ইন্ডিয়ার এক ক্রিকেটার। টেস্টে ভারতীয় দলের লাগাতার খারাপ পারফরম্যান্সের পর কাঠগড়ায় তোলা হয়েছিল গুরু গম্ভীরকে। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এবার সাফল্য ধরা দিতেই তাই মুখ খুললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শার্দূল জানিয়েছেন গোটা দল ঠিক কী চোখে দেখে কোচ গৌতম গম্ভীরকে। তাঁর কথায়, “হ্যাঁ, আমরা সব সময় গৌতি ভাইকে এমন একজন খেলোয়াড় হিসেবেই দেখেছি যিনি সবসময় দলের জন্য লড়াই করতে মুখিয়ে থাকেন। এমনকি কঠিন পরিস্থিতিতেও। তিনি নিজের সেই শক্তি আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়েছিলেন, যে শক্তির পরিচয় নিজের খেলোয়াড়ি জীবনে দিয়েছেন। তিনি দেশ এবং রাজ্যের জন্য ট্রফি জিতেছেন। এবং সেই সমস্ত অভিজ্ঞতা এবং প্রেরণা দলে নিয়ে এসেছেন। সমালোচনা হতেই থাকবে। কিন্তু একটি দলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল জয়।”
এতেই শেষ নয়। গম্ভীর সম্পর্কে শার্দূল আরও বলেন, “আমাদের দলের সকলকে গৌতি ভাই বলেছিলেন, ‘তোমরা ভাগ্যবান বলেই দেশের প্রতিনিধিত্ব করতে পারছ।’ আমাদের কোচ আরও বলেছেন, ‘যদি তোমাদের বিশ্বাস থাকে, তা হলে এমন কোনও প্রতিপক্ষ নেই যাকে তুমি হারাতে পারবে না। যদি তোমাদের দিন আসে, তা হলে তোমরা যে কোনও দলকে হারাতে পারো। তবে তা তুমি কতটা চাও তার উপর নির্ভর করে।'”
ভারতীয় অলরাউন্ডার এরই সঙ্গে যোগ করেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দলে যখন তরুণরা থাকে, তখন বিশ্বের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য তারা যে কোনও কিছু করতে প্রস্তুত থাকে। আমার মনে হয় এই বিষয়টিই দলের মনোবল বাড়িয়েছে এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
