অনেক ঝড়ঝাপটার পর ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচিত হয়েছেন খালিদ জামিল। তাঁর সামনে এখন বড় পরীক্ষা কাফা নেশনস কাপ। যে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ইতিমধ্যেই ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ দিকে রবিবারের ডুরান্ড ডার্বির পর বাংলার দুই প্রধানই জাতীয় দলের এই প্রস্তুতি শিবিরের জন্য ফুটবলার ছাড়তে আপত্তি জানিয়েছে।
চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তবু এর পরেও জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে নারাজ সবুজ-মেরুন শিবির। কারণ ডুরান্ড কাপ থেকে বিদায় নিলেও সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু। যেখানে গ্রুপ সি’তে নামতে চলেছে মোহনবাগান। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়তে আপত্তি জানিয়েছে তারা।
উল্লেখ্য, মোহনবাগান থেকে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন মোট ৭ জন। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ ও বিশাল কাইথ। অন্যদিকে ইস্টবেঙ্গল থেকে যে ৩ জন ডাক পেয়েছেন তাঁরা হলেন আনোয়ার আলি, জিকসন সিং এবং নাওরেম মহেশ। কিন্তু একইভাবে তাঁদেরও ছাড়তে নারাজ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।
কার্যত একই পথে হাত ধরাধরি করে হাঁটছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। রবিবারের ডার্বি জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্কার ব্রুঁজোর দল। সামনে ট্রফির হাতছানি। এ অবস্থায় জাতীয় শিবিরের জন্য আনোয়ারদের ছাড়তে স্বভাবতই ঘোর আপত্তি মশাল বাহিনীর। যদিও কাফা নেশনস কাপে ভারতের অভিযান শুরু হচ্ছে আগামী ২৯ অগাস্ট থেকে। অন্যদিকে ডুরান্ড কাপের ফাইনাল ২৩ তারিখ। তাই ইস্টবেঙ্গল ফাইনাল খেললেও দলের ভারতীয় প্লেয়ারদের জাতীয় দলের যোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয়।
