উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোট প্রার্থী করল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। সুদর্শন রেড্ডির পরিচয়টা এবার জেনে নেওয়া যাক।
১৯৪৬ সালের ৮ জুলাই বর্তমান তেলাঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ইব্রাহিম তালুকের আকুলা মাইলারা গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। পরবর্তী ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরকারি আইনজীবীর দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সালে রেড্ডি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্থায়ী আইনজীবী হিসেবে নিযুক্ত হন। একসময় তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনজীবী পরবর্তী ক্ষেত্রে আইনি উপদেষ্টা ছিলেন। ১৯৯৩ সালে রেড্ডি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন। ১৯৯৫ সালে সুদর্শন রেড্ডি অন্ধপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ১৯৯৩ সালে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ২০০৫ সালে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০০৭ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন। ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন বি সুদর্শন রেড্ডি।
২০১৩ সালের মার্চে অবসরপ্রাপ্ত বিচারপতি রেড্ডিকে গোয়ার প্রথম লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করা হয়। তবে সেপ্টেম্বর মাসে তিনি ব্যক্তিগত কারণে ওই পদ থেকে ইস্তফা দেন।
মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের প্রগতিশীল এবং সম্মানীয় বিচারপতিদের মধ্যে অন্যতম বিচারপতি রেড্ডি। তিনি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের একজন সাহসী সমর্থক। তিনি বরাবরই দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল এবং সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে গিয়েছেন।
