মঙ্গলবার ঘোষিত হয়েছে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের ১৫ জনের ভারতীয় দল। এর পরই মহিলাদের ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা করলেন নির্বাচকরা। সেপ্টেম্বরের শেষে এই দেশের মাটিতেই বসতে চলেছে মহিলাদের ওডিআই বিশ্বকাপের আসর। প্রথমবার ট্রফি জয়ের লড়াইয়ে ঝাঁপাবেন হরমনপ্রীতরা। তার আগে এ দিন বেছে নেওয়া ১৫ জনের দল। যেখানে নেই শেফালি ভার্মার নাম।
ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট দুবার ফাইনাল খেলেছে ভারতীয় মহিলা দল। যথাক্রমে ২০০৫ এবং ২০১৭ সালে। দুবারই তীরে এসে তরী ডোবে। তবে এ বার দেশের মাটিতে ছবিটা বদলায় কি না তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই।
আগামী ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন ভারতের নারী বাহিনী। তাঁর আগে এদিন বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান নীতু ডেভিড।
প্রত্যাশামতই দলের নেতৃত্বের ভার সামলাবেন হরমনপ্রীত কৌর। অন্যদিকে সহ অধিনায়িকা স্মৃতি মন্ধানা। দলে সুযোগ পেয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তবে ঠাঁই হয়নি দলের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার শেফালি ভার্মার। এ ছাড়া বেছে নেওয়া হয়েছে দীপ্তি শর্মা, হার্লিন দেওল, রাধা যাদবদের। বিশ্বকাপের দল ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের দলও এ দিন ঘোষণা করা হয়। দুটি দলে পরিবর্তন মাত্র একটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সায়ালি সাতঘরে খেললেও বিশ্বকাপের দলে তাঁর জায়গায় নেওয়া হয়েছে অমনজ্যোত কৌরকে।
এক নজরে মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়িকা), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেনুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চারানি, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক) এবং স্নেহ রানা।
