গত বছর বার্বাডোজে বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এর পর সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের আগে বিদায় জানান টেস্টকেও। আর এ বার ভারত অধিনায়কের ওয়ানডে কেরিয়ারও পড়েছে প্রশ্নের মুখে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন একদিনের সিরিজেই দেশের জার্সিতে শেষবার মাঠে নামতে পারেন হিটম্যান। এর পর দলের নেতৃত্বের ভার শ্রেয়স আইয়ারকে অর্পণ করা হতে পারে বলে সম্প্রতি জানিয়েছে একটি সূত্র।
এ দিকে এরই মাঝে একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় এ দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন অধিনায়ক। উল্লেখ্য, শেষবার রোহিতকে দেখা গিয়েছে আইপিএলে। অন্যদিকে তিনি শেষবার একদিনের ক্রিকেট খেলেছিলেন গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হিসেবে রোহিত ভারতীয় এ দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে উক্ত রিপোর্টে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনটি বেসরকারি ওয়ানডে ম্যাচ খেলার কথা ভারত এ দলের। এই সিরিজেই খেলতে পারেন হিটম্যান। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি রোহিত কিংবা বোর্ডের তরফে। তবে এটা জানা যাচ্ছে যে আসন্ন অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক। যিনি সদ্য এ বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন দলকে।
একটি প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য রোহিত শর্মা সেপ্টেম্বর-অক্টোবরে ভারত এ এবং অস্ট্রেলিয়া এ-এর মধ্যে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে খেলতে পারেন । মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রোহিত ভারতের হয়ে কোনও খেলা খেলেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর পর থেকে তিনি কোনও ক্রিকেট খেলেননি তবে ভারতের ওডিআই অধিনায়ক ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রোহিত ভারত এ-র হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে ৩০ সেপ্টেম্বর, ৩ এবং ৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ দিকে রোহিতের পর টিম ইন্ডিয়ার নয়া নেতা কে হবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। সম্প্রতি একটি সূত্র দাবি করেছে, ওয়ানডেতে রোহিতের বিকল্প অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের কথা ভাবছেন নির্বাচকরা। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের মতে, আইয়ার নন। বরং ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হতে চলেছেন শুভমান গিল। আগামী ২০২৭ বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন রোহিত। কাইফ জানান, সেখানেই হিটম্যানকে শেষবারের মতো দেখা যাবে। এর পর টেস্টের মতো ওডিআইতেও নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে ‘পাঞ্জাব কা পুত্তর’ গিলকে।
