এবার ভারতও মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। ২০২৫-এর ডিসেম্বরে গগনযান নামে প্রকল্পে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে মানুষবাহী মহাকাশযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এই প্রকল্পের কথা জানিয়েছে। ইসরোর এই বক্তব্যকে সমর্থন করেছেন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা। তিনি বলেছেন, ভারত মহাকাশে মানুষ পাঠানোর বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত।
ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, ২০২৫ -এর ডিসেম্বরে গগনযানের প্রাথমিক পর্বের পরীক্ষামূলক অভিযান চালানো হবে। ইসরোর এই বক্তব্যকে সমর্থন করে সদ্য মহাকাশ থেকে ফেরা শুভ্রাংশু বলেন, “মহাকাশে মানুষ পাঠানোর জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সবরকম ভাবে তৈরি। এটা আমাদের এক বড় মাপের সাফল্য। গোটা দেশ ইসরোর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রস্তুত। এখন আমাদের ধৈর্য ধরার পালা, আর কয়েক মাসের অপেক্ষা।”
নভশ্চর পি বালাকৃষ্ণন নায়ার বলেছেন, এটা মোটেই কোনও ছোটখাটো বিষয় নয়। এখন ভারতও মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রস্তুত। এর জন্য আমরা সকলেই গর্বিত। উল্লেখ, দু’মাস আগে নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে এসেছেন শুভ্রাংশু। নিজের সেই অভিজ্ঞতার কথাও দেশবাসীকে শুনিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মহাকাশ থেকে ভারতের ছবিও দেখিয়েছেন। শুভ্রাংশু বলেছেন, তিনি কখনও মহাকাশে যাওয়ার কথা ভাবেননি। তাই তিনি যদি মহাকাশে যেতে পারেন তবে অন্যেরাও পারবে। ইতিমধ্যেই ইসরো ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি, গগনযান পাঠানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছে।
শুভ্রাংশু আরও বলেন, কয়েকদিন মহাকাশে গিয়ে তাঁর অনেক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। বহু নতুন জিনিস তিনি জেনেছেন, শিখেছেন। ভবিষ্যতে গগনযান অভিযানে নিশ্চিতভাবেই সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে শুভ্রাংশু জানান। তিনি আরও বলেন, মহাকাশ থেকে দেখলে ভারতকে এখনও অন্য যে কোনও দেশের চেয়ে সেরা লাগে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে ইসরোর প্রথম মানুষবাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে ইসরো ইতিমধ্যেই মহাকাশে মানববিহীন গগনযান পাঠিয়েছে। মহাকাশে মানুষ পাঠানোর পর কীভাবে তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে তার খুঁটিনাটি পরীক্ষাও এক দফা সেরেছে ইসরো। সবকিছু ঠিকমতো চললে খুব শীঘ্রই গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন কোনও ভারতীয়। ইসরোর এই প্রকল্পে শুভ্রাংশু ছাড়াও মহাকাশে পাড়ি দেওয়ার কথা বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ ও অজিত কৃষ্ণনের। এই প্রকল্প যদি সফল হয় তবে আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠাবে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির উপর নির্ভর করে এই গগনযান প্রকল্প এগিয়ে চলেছে।
