অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে সমন জারি করল পুনের আদালত। বিচার ব্যবস্থা ও বিচারকদের অসম্মান করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। অক্ষয় কুমারের আসন্ন ছবি জলি এলএলবি-৩ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই ছবিতে অক্ষয় কুমার ও আরশাদ বিচারকদের মামা বলে কটাক্ষ করেছেন। এমনকী, বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। যার প্রতিবাদে ওয়াজেদ রহিম খান নামে এক আইনজীবী তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে ২৮ অক্টোবর সকাল ১১ টায় দুই অভিনেতা অক্ষয় ও আশরাদ এবং পরিচালক সুভাষ কাপুরকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
মামলাকারী ওয়াজেদের দাবি, জলি এলএলবি-৩ ছবিতে দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করা হয়েছে। আদালতের কাজের প্রক্রিয়া নিয়ে রীতিমতো উপহাস করা হয়েছে। ছবির একটি দৃশ্যে একজন অভিনেতাকে এক বিচারককে মামা বলে ডাকতে দেখা গিয়েছে। এই শব্দ নিয়েও প্রবল আপত্তি জানিয়েছেন আইনজীবী ওয়াজেদ। মুক্তির আগে সম্প্রতি জলি এলএলবি-৩ ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে। যা দেখার পর প্রবল আপত্তি জানিয়েছেন ওয়াজেদ। তিনি বলেছেন, আইন, আইনজীবী এবং বিচারব্যবস্থাকে অবশ্যই সম্মান করা উচিত। বিচারপতি এবং আইনজীবীদের সম্পর্কে যে সমস্ত জিনিস এই ছবিতে দেখানো হয়েছে তা কখনই ঠিক নয়। ওয়াজেদের করা মামলার প্রেক্ষিতে পুনে আদালত অভিনেতা অক্ষয়, আরশাদ ও পরিচালক সুভাষকে হাজিরা দিতে নির্দেশ দেন। অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।
Leave a comment
Leave a comment
