মঙ্গলবার ভারতের ১৫ সদস্যের এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি শ্রেয়স আইয়ারের। তাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল সুযোগ পেয়ে সরাসরি সহ অধিনায়ক হয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, অদূর ভবিষ্যতে ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভারও অর্পণ করা হতে পারে তাঁকে। উল্টোদিকে আইয়ার, তাঁর সম্পর্কে ঠিক কী ভাবছে বোর্ড অথবা টিম ম্যানেজমেন্ট?
আসন্ন এশিয়া কাপের জন্য ডাক পাননি আইয়ার। তবে সূত্রের খবর, তাঁকে পুরোপুরি উপেক্ষা মোটেই করতে পারছে না বিসিসিআই। বরং এমনটাই শোনা যাচ্ছে যে, রোহিত শর্মার পর ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পাঞ্জাব কিংসের নেতাই। জানা গিয়েছে, ক্যাপ্টেন রোহিতের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে আইয়ারকেই দেখছেন জাতীয় নির্বাচকরা।
এশিয়া কাপের দল ঘোষণার সময় শ্রেয়স আইয়ারের না থাকা নিয়ে সাফাই দিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকার। তিনি বলেন, ১৫ জনের দলে সকলের সুযোগ পাওয়া সম্ভব নয়। তাই শ্রেয়সকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এ বার সেই শ্রেয়সকেই নির্বাচকরা পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করায় কার্যত যেন বেজেই গেল রোহিতের বিদায়ঘণ্টা।
পর পর দু’বছর দেশকে দুটি আইসিসি ট্রফি দিয়েছেন হিটম্যান। তাঁর নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত। তবে এ বার আর বোর্ড রোহিতের নেতৃত্বে ভরসা রাখছে না বলে ইঙ্গিত দিয়েছে সূত্রটি। এ ছাড়া এও জানা গিয়েছে যে, ৩৮ বছর বয়সী রোহিত শর্মা এবং ৩৬ বছরের বিরাট কোহলিকে তাঁদের ওডিআই কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার দেওয়া হতে চলেছে।
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সফরেই দেশের জার্সিতে শেষবার দেখা যেতে পারে রো-কো’কে। উভয়ের আগামী ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ। যদিও আইয়ারের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না। এশিয়া কাপ শেষ হওয়ার পর এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই বছরের আইপিএলে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন আইয়ার। তাঁর নেতৃত্বে ফাইনালে পৌঁছয় পাঞ্জাব কিংস।
