গুজরাটের আহমেদাবাদে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রের এক ইনস্টাগ্রাম চ্যাট সামনে এসেছে। ভাইরাল হওয়া ওই ইনস্টাগ্রাম চ্যাটে অভিযুক্ত ছাত্র তার এক বন্ধুর কাছে সরাসরি খুনের কথা স্বীকার করে নিয়েছে।
গুজরাট পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির ছাত্রকে কোপানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত অষ্টম শ্রেণির ছাত্র তার এক বন্ধুর সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলতে শুরু করে। প্রকাশ্যে আসা সেই চ্যাটে দেখা যায়, ওই বন্ধু তাকে প্রশ্ন করে তুই কি কাউকে ছুরি মেরেছিস? অভিযুক্ত পাল্টা জবাব দেয় হ্যাঁ আমি মেরেছি, কিন্তু তোকে কে বলল? বন্ধুর প্রশ্ন কেন এটা করলি? পাল্টা জবাবে অভিযুক্ত বলে, দশম শ্রেণির ওই ছাত্র তাকে বলেছিল, আমি কে, আমি ওর কী করতে পারি? অভিযুক্ত ছাত্রের ওই মন্তব্যের জবাবে তার বন্ধু বলে, তুই তো ওকে মারতে পারতিস কিন্তু এভাবে খুন করলি কেন? এটা কখনওই ঠিক হয়নি।
বন্ধুর মন্তব্যের জবাবে অভিযুক্ত বলে, যা হওয়ার তা হয়ে গিয়েছে। ওসব নিয়ে আমি ভাবিনা।
এরপর অভিযুক্তের বন্ধু তাকে কয়েক দিন গা ঢাকা দেওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে অবিলম্বে ওই চ্যাট মুছে ফেলতে বলে।
উল্লেখ্য, মঙ্গলবার স্কুলের ছুটির সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রের সঙ্গে দশম শ্রেণির এক ছাত্রের বচসা বাধে। তর্কাতর্কি চলাকালীন হঠাৎই ওই অষ্টম শ্রেণির ছাত্র ছুরি দিয়ে দশম শ্রেণির ছাত্রকে কোপায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার জেরে এখনও উত্তেজনা রয়েছে আমেদাবাদে। ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা দফায় দফায় স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি অভিযুক্ত ছাত্রকে কড়া শাস্তি দিতে হবে। বিক্ষোভ সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। বিক্ষোভকারীদের সরাতে পুলিস লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
