ভারত শিগগিরই নিজস্বভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং তার ইঞ্জিন তৈরি করবে। এবার এই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার সংকল্পের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ফরাসি সংস্থা Safran-এর সঙ্গে যৌথভাবে ভারতের মাটিতেই বিমান ইঞ্জিন তৈরির কাজ শুরু হতে চলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন,”আজ আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের দিকে এগিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর ইঞ্জিনও ভারতেই তৈরি করব। শীঘ্রই ফরাসি সংস্থার সঙ্গে মিলে ইঞ্জিন তৈরির কাজ শুরু হবে।”
ভারতের ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট’ (AMCA) প্রকল্পের অধীনে এই ৫ম প্রজন্মের স্টেলথ জেট তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) ইতিমধ্যেই পাঁচটি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা করেছে এবং সেই জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করেছে।
রাজনাথ সিং আরও জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট ভারতের আত্মনির্ভরতার উজ্জ্বল উদাহরণ। তাঁর কথায়, “তেজস আমাদের দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার এক অসাধারণ উদাহরণ। চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু আমরা সংকল্প নিয়েছি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করব এবং দেশেই যুদ্ধবিমান তৈরির পূর্ণ সক্ষমতা গড়ে তুলব।”
আগামী দিনে AMCA ও তেজস, এই দুই যুদ্ধবিমানই ভারতীয় বায়ুসেনার মূল শক্তি হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর জন্য নতুন অর্ডারও এসেছে। আগে যেখানে ৮৩টি তেজস বিমানের জন্য প্রায় ৪৮,০০০ কোটি টাকার অর্ডার ছিল, সেখানে এখন আরও ৯৭টি তেজস বিমানের জন্য ৬৬,০০০ কোটি টাকার নতুন অর্ডার পাওয়া গেছে।
ভারতের প্রতিরক্ষা খাতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও ইঞ্জিন তৈরি হলে ভারত শুধু আত্মনির্ভরই নয়, বিশ্বমানের প্রতিযোগিতায়ও এগিয়ে যাবে।
