রাজনীতিবিদ প্রিয়া সরোজের সঙ্গে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই কার্যত চমকে গিয়েছে ক্রিকেট মহল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা রিঙ্কু কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমন গুজব শোনা যায়নি কখনই। এই পরিস্থিতিতে রিঙ্কু-প্রিয়ার বাগদানের খবর নিঃসন্দেহে একটি বড় চমক ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। তবে এ বার নিজের গোপন প্রেমকাহিনি সামনে আনলেন রিঙ্কু স্বয়ংই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার অন্যতম তরুণ তুর্কি জানিয়েছেন, কীভাবে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়ার সঙ্গে তাঁর প্রেমের শুরুটা হয়েছিল। তিনি বলেন, “শুরুটা হয়েছিল ২০২২ সালে কোভিডের সময়। আমার একটি ফ্যান পেজ ছিল, যেখানে গ্রামে প্রিয়ার কিছু ভোটদানের ছবি পোস্ট করা হয়েছিল। প্রিয়ার বোন ছবি আর কিছু ভিডিয়ো তোলে। আমার যতদূর মনে পড়ছে, ফ্যান পেজটিকে সাহায্যের জন্য একটি ছবি পোস্ট করতে বলেছিল ও। ছবিটি দেখেই প্রিয়াকে পছন্দ হয় আমার। মনে হয়েছিল, ও আমার জন্য উপযুক্ত। এর পর আমি ওকে টেক্সট করার কথা ভেবেছিলাম। কিন্তু তার পরই মনে হয়েছিল এটা ঠিক হবে না।”
তখন টেক্সট করতে না পারলেও সেই সুযোগ কিন্তু অচিরেই চলে আসে। রিঙ্কু জানিয়েছেন, ইনস্টাগ্রামে প্রিয়া তাঁর কয়েকটি ছবি লাইক করার পরই তিনি টেক্সট করেছিলেন। বলেন, “ও আমার কয়েকটা ছবি লাইক করেছিল। তারপর আমি ওকে ইনস্টাগ্রামে টেক্সট করেছিলাম। আর এভাবেই শুরু হয়েছিল। তার পর আমরা কথা বলতে শুরু করি। এক-দু সপ্তাহের মধ্যে আমরা নিয়মিত কথা বলতে শুরু করি। ম্যাচের আগে কথা বলতে শুরু করি। ২০২২ সাল থেকেই আমি ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।”
গত ৮ জুন আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে দুজনের। তবে রিঙ্কু কার্যত স্বীকার করে নিয়েছেন যে আজকাল আর দুজন খুব বেশি কথা বলার সময় পান না। যদিও রিঙ্কুর দাবি, এর মানে এমনটা নয় যে প্রিয়া সাংসদ হওয়ার পর থেকে সবটা বদলে গিয়েছে। রিঙ্কুর কথায়, “ও নিজের কাজ করে। গ্রামে যায়। মানুষের সঙ্গে কথা বলে এবং তাদের সাহায্য করে। এ ছাড়াও সংসদের অধিবেশনও থাকে। একজন রাজনীতিবিদ হিসেবে এ সমস্ত কাজ করা ওর জন্য জরুরি।” সঙ্গে জুড়ে দেন, “আপনি যদি তার ইনস্টাগ্রামে যান, তা হলে দেখতে পাবেন ও কতটা কাজ করে। ও সকালে যায়। রাতে ফিরে আসে। তাই আমরা কথা বলার জন্য খুব বেশি সময় পাই না। কেবল রাতেই কথা বলি।”
