এবার আমদানিককৃত আসবাবপত্রের উপরেও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর দেশ প্রতিবছর বিপুল পরিমাণ আসবাবপত্র আমদানি করে। আমদানিকৃত ওইসব আসবাবপত্রের উপর কী পরিমাণ শুল্ক আদায় করা হয়ে থাকে সে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তারপর প্রয়োজন মনে করলে তিনি আমদানিকৃত আসবাবপত্রের উপর শুল্ক আরোপ করবেন। আগামী ৫০ দিনের মধ্যেই এই বিষয়ে তদন্তের কাজ শেষ হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, আমদানিকৃত ওই আসবাবপত্রের উপর কী পরিমাণ শুল্ক চাপানো হবে তা এখনও ঠিক হয়নি। তবে তিনি চান আসবাবপত্রের উপরেও চড়া শুল্ক চাপিয়ে আমদানি বন্ধ করতে। কারণ তিনি চান দেশেই আসবাবপত্র তৈরি হোক। উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং মিচিগান প্রদেশে এই আসবাবপত্র তৈরি করার ব্যাপারে জোর দিয়েছেন ট্রাম্প।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, আমেরিকায় প্রায় তিন লক্ষ ৪০ হাজার মানুষ আসবাবপত্র এবং সংশ্লিষ্ট দ্রব্য তৈরির কাজে যুক্ত আছে। যদিও ২০০০ সালে এই সংখ্যাটা ছিল এর দ্বিগুণ। বর্তমানে চিন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ আসবাবপত্র আমেরিকায় আসে। ২০২৪ সালে আমেরিকা ২৫.৫ বিলিয়ন ডলার মূল্যের আসবাবপত্র আমদানি করেছিল। এর আগে অ্যালুমিনিয়াম, ইস্পাত, জেনেরিক ওষুধের মতো একাধিক পণ্যে বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়েছে। এবার তাঁর নজর গিয়ে পড়েছে আসবাবপত্রের উপর।
