ভারতীয় ইতিহাস বরাবরই দিল্লির পক্ষপাতিত্ব করে এসেছে। টেক্সট বইগুলিতে বরাবরই দিল্লিকে মহিমান্বিত করা হয়েছে। পক্ষান্তরে দক্ষিণের চোল রাজ্য-সহ অন্য রাজ্যগুলিকে আদৌ যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এমনটাই দাবি করলেন প্রখ্যাত লেখক অমিশ ত্রিপাঠি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখক অমিশ বলেন, আমাদের ইতিহাস বইয়ে বরাবরই দিল্লিকে তুলে ধরা হয়েছে। দাবি করা হয়েছে, যা কিছু হয়েছে সেটা খাইবার ও আগ্রার মধ্যে। দেশের অন্যান্য অংশকে আদৌ সেভাবে তুলে ধরা হয়নি। লেখকের দাবি, তিনি কোনওভাবেই দিল্লির অবদানকে ছোট করতে চান না। কিন্তু তার মানে এই নয় যে, ভারতীয় ইতিহাসে দক্ষিণ ভারতের কোনও অবদান নেই। দেশের অন্য রাজারাজরাদের কোনও ভূমিকা নেই। যদি শুধুমাত্র দিল্লির উপরে নজর দেওয়া হয় তাহলে ভারতীয় ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।
সম্প্রতি লেখক অমিশ ত্রিপাঠীর নতুন বই ‘চোল টাইগার্স : অ্যাভেঞ্জার্স অফ সোমনাথ’ প্রকাশিত হয়েছে। সেই বই নিয়েই এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন লেখক।
অমিশ বলেছেন, মুঘল সাম্রাজ্যের অবদান ভারতীয় ইতিহাসে কম নয়। আমরা যতটা আকবর বা শাহজাহানের কথা শুনি ততটা কিন্তু রাজা রাজেন্দ্র চোলের কথা শুনি না। কিন্তু রাজেন্দ্র চোল আকবরের চেয়ে কম ছিলেন না। চোল বংশের নৌ শক্তি, তাদের বাণিজ্যিক শক্তি ছিল ঈর্ষা করার মতো।সাংস্কৃতিক দিক থেকেও চোল সাম্রাজ্য ছিল অনেক উন্নত। শুধু দক্ষিণ ভারত নয় সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়াতেও তাদের নানা স্থাপত্য আজও ছড়িয়ে আছে। দেশের ইতিহাস শুধুমাত্র দিল্লিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। দিল্লির বাইরেও আরও অনেক রাজা ছিলেন। তাদের কথা সেভাবে তুলে ধরা হয়নি।
অমিশ মনে করেন, ভারতীয় ইতিহাসে চোল-সহ অন্য রাজবংশেরও বিশেষ অবদান রয়েছে। তাদের কথা না জানলে ভারতীয় ইতিহাস জানা অপূর্ণ থেকে যাবে।
