কোনও অবস্থাতেই অন্যায়ের সঙ্গে আপস নয়। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দলনেত্রী মমতা। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের শেষ সমাবেশ ৷
এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “সকলকে অভিনন্দন ৷ আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে, তোমরা সর্বদা আমাকে পাশে পাবে।”
দলের ছাত্র সংগঠনের পাশাপাশি পুরনোদেরও অভিনন্দন জানিয়েছেন দলনেত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।’ তৃণমূল যুব সংগঠন যে বাংলার উন্নতি ও লড়াইয়ের অবিচ্ছেদ্য অঙ্গ তাও জানিয়েছেন দলের সুপ্রিমো। লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তাঁরাও সামিল।’
এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি যুবদের কাছে নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টিএমসিপি এমন একটি প্ল্যাটফর্ম যা তরুণ মনকে তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, তাঁদের আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং একটি উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম করে। প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
