চারিদিকে নোংরা জল। জলে ভাসছে অসংখ্য প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের আবর্জনা। সেই নোংরা হাঁটুজলে দাঁড়িয়েই কুচকাওয়াজের প্রস্তুতি সারছে পাকিস্তানি সেনা। হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে রয়েছেন পাক রেঞ্জাররা। অন্যদিকে একেবারেই বিপরীত চিত্র ভারতের আটারি সীমান্তে। শুকনো খট খট করছে আটারি।
ভারত-পাকিস্তান সীমান্তে এই বৈপরীত্যের এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জজবাত- ২৪ বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ফজল আফগান নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করেছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে ওয়াঘা-আটারি সীমান্তে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের প্রস্তুতি দেখা গিয়েছে। তাতেই দেখা গিয়েছে, পাকিস্তানের রাস্তায় জমে রয়েছে নোংরা হাটু জল। সেই জলে ভেসে বেড়াচ্ছে অসংখ্য প্লাস্টিক। পতাকা নামানোর আগে সেই নোংরা জলে দাঁড়িয়েই অনুষ্ঠানের মহড়া চালাচ্ছেন পাকিস্তানের রেঞ্জার্সরা। এক রেঞ্জারকে হাঁটু জলে দাঁড়িয়েই হাততালি দিয়ে সৈন্যদের উৎসাহিত করতে দেখা গিয়েছে।
ওই ছবি পোস্ট করে ফজল লিখেছেন, পাকিস্তান বন্যার জলে ভাসছে। পচা জলের তীব্র দুর্গন্ধ ও নোংরার মধ্যেই পাক বাহিনী অনুষ্ঠান করছে। বিপরীত দিকে ভারতীয় সীমান্ত একেবারে পরিষ্কার, শুকনো, ঝকঝকে।
ওই ভিডিও সামনে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন ভারতের সঙ্গে পাকিস্তানের কত তফাৎ। এই ভিডিয়ো তারই প্রমাণ। উল্লেখ্য চলতি বর্ষার মরসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানেও। ঘটেছে একাধিক ধসের ঘটনাও। ধস ও বন্যার কারণে ইতিমধ্যেই পাকিস্তানের সাড়ে আটশ মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। এবারের বন্যা ও ধসে সবথেকে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
