নিজের বোনকে ধর্ষণ করল দাদা। বোন যাতে বাধা দিতে না পারে তার জন্য ধারালো ছুরি দিয়ে খুন করার ভয় দেখানো হয় তাকে। গুজরাতের ভাবনগর জেলার ঘটনা। গুণধর দাদাকে গ্রেফতার করেছে পুলিস।
অভিযোগ, বোনকে খুন করার ভয় দেখিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে পরপর দুবার ধর্ষণ করে দাদা। দ্বিতীয়বার ঘটনা ঘটার পর ওই তরুণী ১৮১ নম্বরে ডায়াল করে পুলিসের সহযোগিতা চায়। পুলিস এসে ওই যুবককে গ্রেফতার করে। বুধবার ওই তরুণী তালাজা থানায় পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
তরুণী পুলিসকে জানিয়েছেন, গত তিন বছর ধরে গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে। তাঁদের এই সম্পর্কের কথা জানতে পারে তার দাদা। এটা জেনেই দাদা ব্ল্যাকমেল করতে শুরু করে। যদিও তার দাদা বিবাহিত এবং তার সন্তান আছে। প্রথমবার ১৩ জুলাই তিনি বাড়িতে একা ছিলেন। সে সময় দাদা ধারালো অস্ত্র দিয়ে খুন করার হুমকি দিয়ে জোর করে তাঁকে ধর্ষণ করে। একই ঘটনা ঘটে ২২ অগস্ট। ওই দিন তার দাদা তাঁর পায়ে বিড়ির ছ্যাঁকা দেয়। দাদার অত্যাচার সহ্য করতে না পেরে ওই তরুণী ১৮১ নম্বর ডায়াল করে পুলিসকে খবর দেন। বাড়িতে মা বাবা ও দাদার সঙ্গে থাকে ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিক ডিপি খাম্বালা জানিয়েছেন, ঘটনার দিন ওই তরুণী যে সমস্ত পোশাক পরেছিলেন সেগুলি সংগ্রহ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অভিযুক্তের হাতে থাকা ধারালো অস্ত্রটি। তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁর জবানবন্দিও নথিবদ্ধ করা হয়েছে। পুলিস আরও জানিয়েছে, ১৩ জুলাই অভিযুক্তের স্ত্রী বাড়িতে ছিল না। পরবর্তী ক্ষেত্রে ২২ অগস্ট যখন তাঁর স্ত্রী কোনও কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন সে সময় সে তার বোনকে দ্বিতীয়বার ধর্ষণ করে। অভিযুক্ত দাদার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (২) এবং ১১৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
