শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিও থেকে সেনদাই পর্যন্ত শিনকানসেন বুলেট ট্রেনে ভ্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের ছবি দুই দেশের প্রধানমন্ত্রীই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা এক্স হ্যান্ডলে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেনদাই যাচ্ছি। গত রাত থেকে শুরু করে আজও তাঁর সঙ্গে আছি, এবার ট্রেনের ভেতর থেকে।” অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদিও সেনদাই পৌঁছানোর ছবি শেয়ার করে লিখেছেন, “সেনদাই পৌঁছালাম। প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে শিনকানসেনে ভ্রমণ করলাম।”
সেনদাই পৌঁছে দুই রাষ্ট্রনেতা ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির প্রশিক্ষণ কেন্দ্রে ভারতীয় লোকো পাইলটদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিশ্বের দ্রুততম ট্রেন ALFA-X-এর প্রযুক্তি সম্পর্কেও সরাসরি ধারণা নেন এবং JR East-এর চেয়ারম্যান তাঁদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে অংশ নিতে জাপানে দুই দিনের সরকারি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই সফরের অংশ হিসেবে সেনদাইতে তিনি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও স্থাপনা পরিদর্শন করছেন।
মিয়াগি প্রিফেকচারের সেনদাইয়ের কাছে একটি নতুন সেমিকন্ডাক্টর ওয়েফার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট-এর কাজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদি। তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, জাপানের এসবিআই হোল্ডিংস এবং আরও কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে ‘জাপান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’-র মাধ্যমে এই প্ল্যান্ট তৈরি হচ্ছে। এই প্রকল্পটি ‘সেকেন্ড নর্দার্ন সেনদাই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর ওহিরা গ্রামে গড়ে উঠছে এবং জাপানের চিপ শিল্পকে নতুনভাবে শক্তিশালী করার এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারত ও জাপান বর্তমানে অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে যৌথভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, এবং পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্র।
শুক্রবার জাপানে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী ইশিবার উপস্থিতিতে দুই দেশ এক যৌথ ভিশন গ্রহণ করেছে, যার নাম, “ইন্ডিয়া-জাপান জয়েন্ট ভিশন ফর দ্য নেক্সট ডিকেড: এইট ডিরেকশনস টু স্টিয়ার দ্য স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ”।
এছাড়াও, নিরাপত্তা সহযোগিতা নিয়ে যৌথ ঘোষণা সই হয়েছে। দুই দেশ চন্দ্রযান-৫ মিশন-এর জন্যও একটি বাস্তবায়ন চুক্তি করেছে, যা চাঁদের মেরু অঞ্চলে যৌথ অনুসন্ধান চালাবে।
শনিবার সকালে টোকিওতে প্রধানমন্ত্রী মোদি জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদি জাপান সফর শেষ করে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চিনের উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে।
