পুজোর আগে কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলি খোলার অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। তবে এজন্য মানতে হবে একাধিক শর্ত। সেই সমস্ত শর্ত মেনেই রুফটপ রেস্তোরাঁ খোলার আবেদন জানাল মধ্য কলকাতার একটি রেস্তোরাঁ।
কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন জওহরলাল নেহেরু রোডের উপর থাকা ওই রুফটপ রেস্তোরাঁটি পুনরায় চালু করার জন্য তাঁদের কাছে আবেদন জানিয়েছে। রেস্তোরাঁ খোলার জন্য তারা বিভিন্ন নথিপত্রও জমা দিয়েছে। তবে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত আরও কিছু নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
ওই রুফটপ রেস্তোরাঁর মালিক রমেশকুমার আগরওয়াল জানিয়েছেন, দমকল বিভাগের কাছে ইতিমধ্যেই তিনি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। সম্ভবত সোমবার সেই শংসাপত্র পাবেন। এছাড়াও পুরসভা যে সমস্ত শর্তও মেনে চলার কথা বলেছে সেগুলিও তাঁরা যথাযথভাবে পালন করবেন। তিনি আরও বলেছেন, তাঁদের কাছে সবার আগে মানুষের নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কলকাতা কর্পোরেশন যে উদ্বেগ প্রকাশ করেছে তা যথাযথ বলে উল্লেখ করেছেন রমেশকুমার।
ওই রুফটপ রেস্তোরাঁর মালিক আরও জানিয়েছেন, কর্পোরেশনের অনুমতি পেলে তাঁরা দ্রুত কাজ চালু করবেন। ইতিমধ্যেই তাঁরা সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছেন। রোমানিয়াতে এই ধরনের একটি রুফটপ রেস্তোরাঁ চালান বলে দাবি করেছেন রমেশকুমার। তার নথিপত্রও তিনি কর্পোরেশনের কাছে জমা দিয়েছেন।
পুরসভা আগেই জানিয়েছে, সব শর্ত যদি কোনও সংস্থা পালন করে তবে ১৫ সেপ্টেম্বরের পর তাদের রুফটপ রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হবে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে খুশি আমজনতা। তবে সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার কথাও জানাচ্ছেন সাধারণ মানুষ।
