সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সাতদিনের মধ্যেই এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবার রাতে এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রয়েছে মোট ১ হাজার ৮০৪ জনের নাম। লিস্টে রয়েছে অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।
আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। তার আগে এই তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, ৭ দিনের মধ্যে দাগি চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ কড়া নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশনকে। পাশাপাশি মাননীয় বিচারপতিরা বলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে প্রতিমুহূর্তে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট। কোনও রকম গলদ হলেও পদক্ষেপ করা হবে।
শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য প্রার্থীরা বসতে পারবেন না। তালিকা অবশেষে প্রকাশিত হলেও অনেকের অভিমত অনেক আগেই এই তালিকা প্রকাশ করা যেতে পারত। এই তালিকায় শুধু তাদের নাম ও রোল নম্বর উল্লেখ করা হয়েছে। কোন প্রার্থীর কোন বিষয় ছিল, কোন স্কুল ছিল, কত রর্যাঙ্ক ছিল তার উল্লেখ নেই। শুধু তাদের নাম ও রোল নম্বর উল্লেখ করা হয়েছে।
