এক সময় খেলাধুলা এবং রাজনীতির মিশ্রণে এক নির্বাচনী লড়াই প্রতিধ্বনিত হত ইন্দোরের হোলকার স্টেডিয়ামের সবুজে ঘেরা মাঠে। এবার সেই মাঠই সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৬৮ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন ২৯ বছর বয়সী মহানার্যমান সিন্ধিয়া। যাঁর বাবা, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তার আগে ঠাকুরদা মাধবরাও সিন্ধিয়াও অলঙ্কৃত করেছেন পদটি।
মাধবরাও যখন প্রথম এই পদ গ্রহণ করেন তখন তাঁর বয়স ছিল ৩৭। এর পর ২০০৪ সালে জ্যোতিরাদিত্য ৩৫ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপ্রদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের মতোই ক্রিকেট ক্ষেত্রেও তিনি প্রতিপক্ষদের পরাজিত করেন। এ বার ২৯ বছর বয়সে মহানার্যমানের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সিন্ধিয়া পরিবারের তিন প্রজন্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। সবথেকে উল্লেখ্যযোগ্য বিষয়, প্রতিটি প্রজন্মেই বয়সের সীমা কমতে দেখা গিয়েছে।
যদিও রাস্তা একেবারেই সহজ ছিল না মহানার্যমানের জন্য। গত দুই বছর ধরে তিনি নীরবে ক্রিকেট প্রশাসক হিসেবে নিজের পোর্টফোলিও তৈরি করেছেন। গোয়ালিয়র ক্রিকেট বিভাগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সেই সঙ্গে আইপিএলের আদলে চালু করেছেন মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ সিন্ধিয়া কাপ। এর পরিপ্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কেউই এগিয়ে আসেননি মহানার্যমানের বিরুদ্ধে লড়তে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল শনিবার। শেষপর্যন্ত প্রার্থী তালিকায় কেবলমাত্র তাঁর নামই থেকে যায়। ফলে আগামী ২ সেপ্টেম্বর কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিষেক ঘটতে চলেছে সিন্ধিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য রাজীব সিং চৌহান বলেন, “সকল পদাধিকারী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন, সভাপতি পদে মহানার্যমান সিন্ধিয়া, সম্পাদক পদে সুধীর আসনানি এবং ভারতের প্রতিনিধিত্বকারী দুই আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার সন্ধ্যা আগরওয়াল এবং অরুন্ধতী কিরকিরে। এই দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানাই। আর কেউ সভাপতি বা সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেননি।”
অন্যদিকে মহানার্যমানের সহকর্মীরাও তাঁকে উদ্যমী বলে উল্লেখ করেছেন। তাঁদের কথায়, মহানার্যমান এমন একজন যাঁকে সব সময় পাওয়া যায়। তিনি মধ্যপ্রদেশের ক্রিকেট ব্যবস্থাপনাকে আধুনিকীকরণের ক্ষেত্রে এক তরুণ মুখ। ক্রিকেট সংস্থাটির অন্যতম সদস্য সঞ্জীব দুয়া বলেন, “৬ বছর পর একটি নতুন দল গঠিত হচ্ছে। এটি একটি তরুণ দল। এবং আশা করব, মধ্যপ্রদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।”
