পুজোর মুখে কিছুটা স্বস্তি। ফের কমল গ্যাসের দাম। দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার পিছু দাম কমেছে ৫১.৫০ টাকা । তবে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম একই রয়েছে।
১ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই পুজোর মুখে ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে।
৩১ অগাস্ট রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা কমেছে। কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৬৮৪ টাকা। একইভাবে দাম কমছে মুম্বই, দিল্লি, চেন্নাই-সহ দেশের সর্বত্রই। রবিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর
হয়েছে।
তবে গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ক্রমশই কমছিল। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৬২ টাকা। জুন মাসে ২৪ টাকা, জুলাই মাসে ৫৮.৫০ টাকা এবং অগাস্টে ৩৩.৫০ টাকা কমেছে।
অনেকেই মনে করছেন, দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটখাটো খাবার দোকান বা চায়ের দোকানের জ্বালানির খরচ কিছুটা হলেও কমবে। যা স্বস্তি দেবে সকলকেই। পুজোর আগে হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে হয়তো চড়া দাম গুনতে হবে না সাধারণ মানুষকে।
যদিও গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের দামে সেপ্টেম্বরও কোন পরিবর্তন হল না। ফলে কলকাতায় একটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা অপরিবর্তিত রইল। সাধারণ মানুষ অনেকেই মনে করেছিলেন, পুজোর মুখে হয়তো কমতে পারে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কিন্তু তাঁদের সেই আশা পূর্ণ হল না।
