সবাইকে হতবাক করে দিলেন রোহিত শর্মা। সেই সঙ্গে কার্যত ভুল প্রমাণিত করে দিলেন মনোজ তিওয়ারিকেও। আগামী ২০২৭ বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে ওয়ানডে দল থেকে ছাঁটতেই রাগবির ধাঁচে ব্রঙ্কো টেস্ট চালু করা হচ্ছে, এই দাবিই করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ। তাঁর আঙুল ছিল গুরু গম্ভীরের দিকে। যিনি টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ।
এমনকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতেও বাধ্য হয়েছেন দুই মহাতারকা। সেই পরিপ্রেক্ষিতেই বাংলার প্রাক্তন অধিনায়কের দাবি ছিল, এ বার ওয়ানডে থেকেও অন্তত রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছে গম্ভীর এন্ড কোং। আর ঠিক সেই কারণেই দলে ব্রঙ্কো টেস্টের মতো কঠিন ফিটনেস পরীক্ষা চালু করা হচ্ছে। যাতে সহজেই অযোগ্য প্রমাণিত করা যায় ৩৮ বছরের হিটম্যানকে। কিন্তু এ বার সেই ব্রঙ্কো টেস্টেই এমন ফলাফল করেছেন ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক, যা দেখে মুগ্ধ সকলেই।
রবিবার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ব্রঙ্কো টেস্টে অংশ নিয়ে রোহিত শুধু উত্তীর্ণই হননি, তাঁর পারফরম্যান্স ছিল রীতিমতো প্রশংসনীয়। ব্রঙ্কো টেস্টের পাশাপাশি এ দিন এতদিন ধরে চলে আসা ইয়ো ইয়ো টেস্টেও অংশ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক। তাতেও পাশ করেছেন তিনি। পাশাপাশি এও জানা গিয়েছে যে, গত ৩০ এবং ৩১ অগাস্টের ফিটনেস পরীক্ষায় যে সমস্ত ক্রিকেটার অংশ নিয়েছিলেন, সকলেই উত্তীর্ণ হয়েছেন।
সকলের মধ্যে সবচেয়ে বেশি নম্বর স্কোর করেছেন ইংল্যান্ড থেকে সদ্য টেস্ট সিরিজ খেলে ফেরা প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও তাঁকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই রোহিতই। বয়স এবং শারীরিক স্থূলতার কারণে ব্রঙ্কো টেস্টে ভারত অধিনায়ক কতটা কী করতে পারবেন, সে বিষয়ে কৌতূহল ছিল সকলেরই। কিন্তু সবার সব আশঙ্কা স্বকীয় ভঙ্গিতেই সীমানার বাইরে পাঠিয়েছেন হিটম্যান। রবিবার ফিটনেস পরীক্ষায় তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান উপস্থিত সকলেই। উল্লেখ্য, আগামী অক্টোবরে রোহিতের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি একদিনের ম্যাচ খেলবে মেন ইন ব্লু। যদিও তার আগে তিনি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলেন কি না সেটাই এখন দেখার।
Rohit Sharma, Bronco Test, Fitness Test, Indian Cricket Team, BCCI
