অবিরাম বৃষ্টিপাতের জেরে শতদ্রু নদীতে হঠাৎ করে বন্যার আশঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলার জন্য পাকিস্তানকে আগাম সতর্ক করেছে ভারত সরকার। সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নয়াদিল্লি থেকে ইসলামাবাদে বিশেষ বার্তা পাঠানো হয়েছে “মানবিক কারণে”, যাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যায়।
ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে টানা প্রবল বর্ষণে বড় বড় বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়তে হয়েছে। এর ফলেই শতদ্রু নদীসহ অন্যান্য নদীতে জলস্তর দ্রুত বাড়ছে। আগামী বুধবারের মধ্যে নদীতে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলেই ভারত, পাকিস্তানকে জানিয়েছে। এর আগে গত সপ্তাহে তিনবার সম্ভাব্য বন্যার জন্য পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল।
পাঞ্জাব অঞ্চলে ইতিমধ্যেই শতদ্রু, বেয়াস ও রাভি নদী এবং ছোট ছোট মরসুমি খালগুলো উপচে পড়ছে। স্থানীয়ভাবে চাষের জমি ও গ্রামীণ এলাকায় জলের চাপ বাড়ছে।
উল্লেখ্য, , ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে তথ্য বিনিময়ের স্বাভাবিক প্রক্রিয়া স্থগিত করে দেয়। ওই হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক।
তবুও এবার মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত আবারও পাকিস্তানকে বন্যার আশঙ্কার বার্তা দিল। যাতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের প্রাণ ও সম্পত্তি রক্ষা করা যায়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে নদীজল ব্যবস্থাপনা নিয়ে যোগাযোগ বজায় থাকে। সেই প্রেক্ষিতেই ভারতের এই সতর্কবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
