২০০৫ সালের সুপারহিট হিন্দি কমেডি ফিল্ম, ‘নো এন্ট্রি’ এবার আসছে সিক্যুয়েল নিয়ে। শুরুতে শোনা গিয়েছিল, নতুন ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তবে তার আগেই বড় ধাক্কা। ছবির টিম থেকে সরে দাঁড়ালেন দিলজিত।
প্রযোজক বনি কাপুর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন যে নির্ধারিত সময়ের সঙ্গে সামঞ্জস্য না হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “হ্যাঁ, আমরা ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। কারণ শুটিংয়ের তারিখ মেলানো যাচ্ছিল না। আশা করি খুব শিগগিরই আমরা একসঙ্গে কোনও পাঞ্জাবি ছবি করব।”
দিলজিত আগামী ২৬ অক্টোবর থেকে শুরু করছেন তাঁর Aura Tour, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একাধিক শো থাকবে তাঁর। সেই ব্যস্ত সূচির কারণেই ‘নো এন্ট্রি ২’-এর সঙ্গে সময় মেলানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন কাপুর।
এদিকে বনি কাপুর আরও জানান, এবার ছবির সম্পূর্ণ কাস্টই নতুন। তবে সলমন খান, অনিল কাপুর ও ফেরদীন খানের অনুপস্থিতি তিনি গভীরভাবে অনুভব করছেন। তাঁর কথায়, “আমরা প্রায় ৮-১০ বছর অপেক্ষা করেছি। কিন্তু আগের সেটআপটা আর হল না। সলমন, অনিল, ফেরদীন, ওরা ছিল ‘নো এন্ট্রি’র আসল তিন নায়ক, আর দর্শকের প্রিয় মুখ। ওদের অভাব অবশ্যই থাকবে।”
তিনি আরও যোগ করেন, “সময় চলে গেছে, ট্রেনটা মিস হয়ে গেছে। আফসোস রয়ে গেল। তবে এবার নতুন টিম নিয়ে শুরু করছি। আশা করি, সিদ্ধান্তটা সঠিক হবে।” দীর্ঘ প্রতীক্ষার পর নতুন রূপে ফিরছে নো এন্ট্রি ২, তবে থাকছে না আগের তারকারা, আর সরে দাঁড়ালেন দিলজিৎ দোসাঞ্জও।
