২০২৬-এর নির্বাচনের আগে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দলের তরফে ছাত্র ও সোশ্যাল মিডিয়া ইনফ্ল্যুয়েন্সারদের কাছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কাজ শুরু করার দাবি তোলার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের এক দেশ এক ভোট নীতি চালু করার জন্যও দাবি জানাতে অনুরোধ করা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল বুধবার বলেন, খুব শীঘ্রই বাংলা এক বড় রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। এই লড়াইয়ে ছাত্রদের অংশ নিতে হবে। এ রাজ্যে ভোটার তালিকায় বহু বাংলাদেশির নাম ঢুকে আছে। এদের নাম বাদ দিতে হবে। এটা একটা দীর্ঘ লড়াই। গোটা দেশ থেকেই অনুপ্রবেশকারী অভিবাসীদের তাড়াতে হবে। বনসল অভিযোগ করেন, এই সমস্ত বাংলাদেশির নাম সামনে আসতেই প্রবল আপত্তি জানাচ্ছেন মমতা দিদি। এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরুর জন্য ছাত্র-ছাত্রীদের দাবি তুলতে হবে। দাবি জানাতে হবে এক দেশ এক ভোটের। কারণ গোটা দেশে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হলে চার লক্ষ কোটি টাকা বাঁচবে। সে ক্ষেত্রে এই বিপুল পরিমাণ টাকা দেশের উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণে খরচ করা যাবে। মোদি সরকার এ বিষয়ে উদ্যোগী হয়েছে ঠিকই, কিন্তু নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এই দাবি তুলতে হবে সাধারণ মানুষকেই। ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রচার চালাতে হবে।
বুধবারের ওই অনুষ্ঠানে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কোথাও কোনও হিন্দু বাঙালি যদি বিপন্ন বোধ করেন তবে তিনি পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে পারেন। কিন্তু বাংলায় যারা অবৈধভাবে বসবাস করছে আমরা তাদের অবশ্যই বের করে দেব।
