আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলার প্রতিবাদে ইতিমধ্যেই এই ম্যাচ বয়কটের দাবি জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিরোধীরা। সেই বিতর্কের মাঝেই এবার আসন্ন পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে মুখ খুললেন সচিব দেবজিৎ সাইকিয়া।
পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কি সত্যিই খেলা উচিত ভারতের? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাইকিয়া খোলাখুলি জানিয়েছেন, “বিসিসিআইয়ের দৃষ্টিভঙ্গির কথা যতদূর বলতে পারি, কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাই করুক না কেন, আমাদের সেটাই অনুসরণ করতে হবে। আর যে কোনও বহুজাতিক বা আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ সম্পর্কে আমাদের নীতিটা স্পষ্ট। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এমন দেশগুলির বিরুদ্ধে খেলার উপর কেন্দ্রীয় সরকার মোটেই কোনও বিধিনিষেধ আরোপ করেনি। তাই ভারতকে যে কোনও বহুজাতিক টুর্নামেন্টের সমস্ত ম্যাচই খেলতে হবে।”
গত মাসেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সঙ্গে খেলার নীতিটি সংশোধন করেছে। সংশোধিত নীতি অনুসারে, ভারত বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ অবশ্যই করবে। তবে শত্রু দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বিরত থাকবে। উক্ত সাক্ষাৎকারে সে কথাই তুলে ধরেছেন দেবজিৎ সাইকিয়া। তাঁর কথায়, “যেহেতু এশিয়া কাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট যেখানে এশিয়া মহাদেশের দেশগুলি অংশগ্রহণ করে। তাই আমাদেরও অংশগ্রহণ করতে হবে। একইভাবে যে কোনও আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারতের সম্পর্ক ভালো নয় এমন কোনও দেশও যদি সেই প্রতিযোগিতায় অংশ নেয় তবু খেলতে হবে আমাদের। তবে দ্বিপাক্ষিক সিরিজে খেলব না।”
কী হবে যদি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অলিম্পিকে দু’বারের পদকজয়ী নীরজ চোপড়া পাকিস্তানি প্রতিপক্ষের অংশগ্রহণকারী কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ না করেন? নিজের অবস্থান আরও স্পষ্ট করতে সেই ব্যখ্যাই করেছেন সাইকিয়া। বলেন, “এটা আসলে সেই নির্দিষ্ট ইভেন্টের খেলোয়াড়দের বিরুদ্ধে যাবে। ধরুন, উদাহরণস্বরূপ, অ্যাথলেটিক্সে, ভারত একটি নির্দিষ্ট টুর্নামেন্ট খেলছে না কারণ আমাদের কোনও শত্রু দেশের খেলোয়াড়ের সঙ্গে খেলতে হবে। সেই পরিস্থিতিতে যদি ভারতীয় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কোনও নিষেধাজ্ঞা আসে। ধরুন নীরজ চোপড়া কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এটি খেলোয়াড়দের স্বার্থের জন্যই ক্ষতিকর হবে।”
IND Vs PAK, Asia Cup 2025, BCCI, Central Government
