কাফা নেশনস কাপ ফুটবলে শক্তিশালী ওমানকে পেনাল্টি শুট আউটে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল খালিদ জামিলের ভারত। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হয়েছিল দুটি দেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত ৩০ মিনিটেও ভাগ্য নির্ধারিত না হওয়ায় ট্রাইব্রেকে ম্যাচের নিষ্পত্তি করতে হয়েছে।
পেনাল্টি শুটআউটে ওমান তাদের প্রথম দুটি সুযোগ মিস করেছে। টাইব্রেকে গোল করতে পারেননি ভারতের আনোয়ার আলিও। তবে গোলরক্ষক অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু শেষ পেনাল্টিটি রুখে দিয়ে ভারতকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ওমানের মতো শক্তিশালী দলকে হারানোর ঘটনা এই প্রথম। সেদিক থেকে দেখতে গেলে কোচের দায়িত্বভার কাঁধে নিয়ে ঐতিহাসিক কৃতিত্ব গড়লেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। ফিফা ক্রমতালিকায় ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকে হারানোর কৃতিত্ব ফুটবলারদেরও।
ফিফার ক্রম তালিকায় ওমানের স্থান যেখানে ৭৯, সেখানে খালিদের ভারত রয়েছে ১৩৩ নম্বরে। এত পার্থক্য সত্ত্বেও তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আনোয়ার আলিদের উজ্জীবিত ফুটবল পার্থক্য ঢেকে দিয়েছে ম্যাচের শুরু থেকে। ভারতের অতিরক্ষণাত্মক ফুটবলের সুবাদে প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটের মাথায় ওমানের গোল। লম্বা থ্রো ভারতের গোলবক্সের জটলায় আটকে পড়ে। সেখান থেকেই ওমানের স্ট্রাইকারের শট ডিফ্লেক্ট হয়ে ভারতের জালে জড়িয়ে যায়। ভারত সমতা ফেরায় ম্যাচের ৮৩ মিনিটে। গোলদাতা উদান্ত সিং। লম্বা থ্রো থেকে পাস পেয়েই পাওয়ারফুল হেডারে গোল করেছেন উদান্ত।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও কোনও দল গোল করতে পারেনি। তব এই পর্বেই রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ওমানের আল বুসাদিকে। অতিরিক্ত সময়ের শেষার্ধ ১০ জনে খেলেছে ওমান। এই সুযোগটা কাজে লাগাতে পারেননি ভারতীয় ফুটবলাররা। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি করতে হয়েছে রেফারিকে।
ভারত :
গুরপ্রীত সিং (গোলরক্ষক-অধিনায়ক), রাহুল ভেকে, আনোয়ার আলি, নিখিল প্রভু, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং, ইরফান ইয়াদাদ, মহেশ সিং নওরেম, মিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, দানিশ ফারুখভাট
