মাওবাদীদের সিনিয়র কমান্ডার মাণ্ডবী হিডমাকে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি বা ডিকেজেডসি কমিটির নতুন সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে। মাদভী হিদমা নামেও পরিচিত তিনি।
এই কমিটি বস্তার ডিভিশনে যৌথবাহিনীর অভিযান প্রতিরোধের দায়িত্বে রয়েছে। মাওবাদীদের এই কমিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। এই খবর জানিয়েছেন, মাস দুই আগে আত্মসমর্পণ করা মাওবাদী দলের এক সদস্য।
ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মাস দুই আগে অন্ধপ্রদেশে আত্মসমর্পণ করেছিলেন কমলেশ নামে এক মাওবাদী তরুণ। কমলেশ মাওবাদীদের দক্ষিণ আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। কমলেশ এই খবর জানিয়েছেন।
২০২৪ সালে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলা সংলগ্ন এলাকায় বিশেষ মাওবাদী বিরোধী অভিযান হয়েছিল। ওই অভিযানে ৩৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। তবে কোনও রকমে পালিয়ে গিয়েছিলেন কমলেশ। কিন্তু চলতি বছরের জুলাই মাসে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে কমলেশ এবং তার স্ত্রী মেডাকা আত্মসমর্পণ করেন। মেডাকা পূর্ব বস্তার জেলায় মাওবাদীদের জনশিক্ষা সেল ‘মোবাইল অ্যাকাডেমিক পলিটিক্যাল অর্গানাইজ়েশন স্কুল’-এর দায়িত্বে ছিলেন। গত দু’বছরে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে রেড করিডর-এর অধিকাংশ এলাকা মাওবাদীদের হাতছাড়া হয়েছে। নিহত হয়েছেন এক ডজনেরও বেশি প্রথম সারির নেতা-নেত্রী। এই পরিস্থিতিতে সংগঠন নতুন করে গড়ে তোলার কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে হিডমাকে।
জানা গিয়েছে এতদিন ডিকেজেডসির সেক্রেটারি বা সম্পাদক ছিলেন রামচন্দ্র ও রেড্ডি ওরফে শ্রীনিবাস। কিন্তু স্বাস্থ্যজনিত কারণে রামচন্দ্র বর্তমানে আর কাজ করতে পারছেন না। সেকারণেই নতুন সেক্রেটারি হিসেবে হিডমাকে নিয়োগ করা হয়েছে। মাওবাদীদের
সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মি বা পিএলজিএ সবচেয়ে দক্ষ ইউনিট হিসেবে পরিচিত। সেই ইউনিটের ১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন মাণ্ডবী হিডমা ওরফে সন্তোষ ওরফে হিডমালু।
