এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE) একাই ধ্বসিয়ে দিয়েছেন কুলদীপ যাদব। বুধবার বল করতে এসে এক ওভারেই ৩ উইকেটে নেন ভারতের বাঁহাতি চায়নাম্যান বোলার। সব মিলিয়ে মাত্র ৭ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। যা আদতে গত ইংল্যান্ড সফরে তাঁকে মাঠের বাইরে বসিয়ে রাখার জবাব বলেই মনে করা হচ্ছে। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, এই দুর্দান্ত বোলিংয়ের পরেও লাভ কিছু হবে না কুলদীপের। কারণ, পরের ম্যাচেই ফের তাঁকে বসানো হতে পারে।
গত ইংল্যান্ড সফরে দল থাকলেও একটি টেস্টেও নামা হয়নি ।কুলদীপের গোটা সিরিজ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাঁকে। বুধবার ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনেন উপস্থাপকের ভূমিকায় থাকা মঞ্জরেকর। তাঁর কথায়, “এখন যেহেতু কুলদীপ যাদব এক ওভারে তিনটি উইকেট নিয়েছেন। তাই তিনি পরের খেলায় খেলবেন না। কারণ, ভারতীয় দল বরাবর তার সঙ্গে এমন আচরণই করে।” কুলদীপের প্রতি টিম ম্যানেজমেন্টের বঞ্চনার জন্য এই সময় কার্যত দুঃখপ্রকাশ করতেই দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।
সংযুক্ত আরব আমিরশাহীকে হারানোর পর ভারতের সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রবিবাসরীয় দুবাইয়ে এই হাইভোল্টেজ দ্বৈরথে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে কুলদীপের বাদ পড়ার কথা বললেও তা যে মজা করেই বলেছেন সেটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, “আমি মজা করছি। কিন্তু কুলদীপ যাদবের কেরিয়ারের কাহিনিটাই এমন। বাদ পড়ার মাঝেও সে নিজের সত্যিকারের জাদু দেখায়। আপনি তাঁর পরিসংখ্যান দেখুন, টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, তাঁর পরিসংখ্যান অবিশ্বাস্য। তিনি ভারতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এটাই তার ভাগ্য।”
মঞ্জরেকরের ব্যাখ্যা, “যখন তিনি ভালো খেলেন, তখনই বাদ দেওয়া হয় তাঁকে। তিনি চারটি উইকেট পেয়েছেন। তাই পরের ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।” সব মিলিয়ে কুলদীপের প্রতি ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিমাতৃসুলভ আচরণে হতাশ সঞ্জয় মঞ্জরেকর নিজের হতাশা লুকালেন না একেবারেই
