ডেভিস কাপ টেনিসে স্বপ্নের শুরু ভারতের। সুইজারল্যান্ডের বিয়েলে শুক্রবার প্রথম দুটি সিঙ্গলস জিতে নিল ভারত। আয়োজক দেশকে টপকে আপাতত এগিয়ে গেল ২-০ ফলে। দেশের হয়ে খেলতে নেমে অভিষেকেই চমকে দিয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ। টেনিসের বিশ্বক্রম তালিকায় ৬২৬ নম্বরে থাকা ভারতীয় ১৫৫ নম্বরে থাকা সুইজারল্যান্ডের জেরোমি কিমের বিরুদ্ধে প্রথম সিঙ্গলস ম্যাচটি জিতে নেন স্ট্রেট সেটে। সেটের ফল ৭-৬, ৬-৩ সুরেশের অনুকূলে। দ্বিতীয় সিঙ্গলসে সুমিত নাগাল হারিয়েছেন মার্ক আন্দেয়া হিউসলারকে ৬-৩, ৭-৬ গেমে।
সুইজারল্যান্ডের বিয়েলে ইনডোর হার্ড কোর্টে চলছে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ-১ এর টাই। ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল প্রথম সিঙ্গলস ম্যাচটি খেলার জন্য দক্ষিণেশ্বর সুরেশকেই মনোনীত করেন। বছর ২৫ এর দক্ষিণেশ্বর দেশের হয়ে খেলতে নেমে হতাশ করেননি। বরং নন প্লেয়িং ক্যাপ্টেনের আস্থার মর্যাদা দিয়ে গোটা কোর্ট জুড়ে খেলেছেন।
টেনিসের ক্রমতালিকায় প্রতিদ্বন্দ্বী জেরোমি কিমের থেকে ৪৭১ ধাপ নিচে থাকলেও দক্ষিণেশ্বর সুরেশ ম্যাচ বের করে নিয়েছেন স্ট্রেট সেটে। অথচ প্রথম সেটের চতুর্থ গেমে কিন্তু তিনি পিছিয়ে ছিলে ০-৪০ ব্যবধানে। এর উপর প্রথম সেট গড়িয়েছে টাইব্রেকে। সেখানেও ভারসাম্য বজায় রেখে সেট জিতে নেন। অথচ সুইজারল্যান্ডের জেরোমি কিম সদ্য শেষ হওয়া ইউ এস ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। দীর্ঘকায় সুরেশের বিগ সার্ভ, বিগ হিটিং এবং গ্রাউন্ড স্ট্রোক সামলাতে বেশ বেগ পেতে হয়েছে কিমকে। তুলনামূলকভাবে দ্বিতীয় সেটে অনায়াসে জিতে নিয়েছেন সুরেশ।
আমেরিকার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন পেশাদার সার্কিটে খেলা শুরু করেছিলেন ভারতের এই টেনিস খেলোয়াড। তাই ডেভিস কাপের অভিষেকেই জিততে পেরে দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষে বলেছেন, “ স্বপ্নের মতো মনে হচ্ছে। ডেভিস কাপে দেশের হয়ে অভিষেক। শান্ত থেকে নিজের সেরা খেলাটি খেলার চেষ্টা করেছি। চাপ ছিল, তবে শেষপর্যন্ত ভালভাবে পরিচালনা করতে পেরে খুশি।”
দ্বিতীয় সিঙ্গলসে সুমিত নাগালের প্রতিপক্ষ ছিল মার্ক-আন্দ্রেয়া হিউসলার। টেনিস ক্রমতালিকায় মার্কও এগিয়ে ছিলেন সুমিতের থেকে। নাগালে র্যাঙ্কিং যেখানে ২৯০, সেখানে মার্কের অবস্থান ২২২ নম্বরে। সুরেশের মতো নাগালও র্যাঙ্কিং কে গুরুত্ব না দিয়ে নিজের সেরাটা দিতে হার্ডকোর্টে নেমেছিলেন। প্রতিদ্বন্দ্বীকে শেষ পর্যন্ত হারিয়েছেন ৬-৩, ৭-৬ গেমে। শনিবার ভারতীয় জুটি তাদের ডাবলস ম্যাচ বের করতে পারলেই টাই জিতে নেবে।
