হংকং ওপেনে ডাবলসের পর এবার সিঙ্গলসেও সাফল্য ভারতের। স্ট্রেট গেমে চিন-তাইপেই এর চৌ তিয়েন চেনকে হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। শনিবার সেমিফাইনাল ম্যাচে বিশ্বের ৬ নম্বর সিঙ্গলস প্লেয়ার চৌ তিয়েন চেনকে ২৩-২১, ২২-২০ গেমে হারিয়ে দেন লক্ষ্য। খেতাব জয়ের লড়াইতে লক্ষ্য সেনের প্রতিদ্বন্দ্বী বিশ্বের ৪ নম্বর প্লেয়ার চিনের লি শিফেং। চিনের শাটলার সেমিফাইনাল ম্যাচে ২১-১৮, ২১-১৯ গেমে হারিয়েছেন ফ্রান্সের ক্রিস্টো পোপভকে।
শনিবার হংকং ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে লক্ষ্য সেনের সিঙ্গলস ম্যাচ শুরুর আগেই ডাবলসের ফাইনাল পৌঁছেছিল ভারতের সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। সাত্ত্বিক-চিরাগের ফাইনালে ওঠার উচ্ছ্বাস ‘হংকং কলিজিয়ামে’ দ্বিগুণ করেছে সিঙ্গলস সেমিফাইনালে লক্ষ্য সেনের স্ট্রেট গেমে জয়।
উত্তরাখণ্ডের বছর ২৪ এর শাটলার খেলার জন্যেই পাকাপাকিভাবে থাকেন বেঙ্গালুরুতে। চব্বিশের প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছেন। তাছাড়া ২০২৩ সালে কানাডা ওপেনের পর, ব্যাডমিন্টনের সুপার ৫০০ টুর্নামেন্টে ফের খেলবেন ফাইনালে। কমনওয়েলথ গেমসে সোনা ও রুপো জয়ী শাটলারের প্রতিপক্ষ কিন্তু বেশ শক্তিশালী। বিশ্ব ক্রমপর্যায়ে ভারতের লক্ষ্য সেনের অবস্থান যেখানে ২০, সেখানে চিনের লি শিফেং রয়েছেন ৪ নম্বরে।
শনিবার সেমিফাইনাল ম্যাচ দুই শাটলারের কাছে ছিল একরকম ধৈর্য আর স্নায়ুর লড়াই। প্রথম গেমে, লক্ষ্য শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু ৩৫ বছর বয়সি অভিজ্ঞ চৌ সেই ব্যবধান দ্রুত কমিয়ে এগিয়ে যান। প্রতিটি পয়েন্টের জন্য চলে দীর্ঘ র্যালি। একটা সময় ১২-১২ থেকে ১৮-১৫ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য সেন। এরপরই ৫১ শটের র্যালিতে প্রথম গেমের ফল দাঁড়ায় ১৯-১৯। স্নায়ুর লড়াইতে প্রতিপক্ষকে দমিয়ে লক্ষ প্রথম গেম জিতে নেন ২৩-২১ ব্যবধানে।
সেমিফাইনাল পর্বে লক্ষ্যদের দ্বিতীয় গেমের খেলাটি ছিল আরও নাটকীয় । সমানভাবে শুরু করার পর, ৪-৭ এবং পর ১০-১৩ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য। কারণ চৌ শক্তিশালী স্ম্যাশ এবং জাম্প শটে একের পর এক পয়েন্ট তুলতে থাকেন । ১৪-১৭ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায়, অসাধারণ প্রত্যাবর্তন করেন ভারতীয় শাটলার। তিনটি গেম পয়েন্ট বাঁচান এবং স্ম্যাশ, ড্রপ শট এবং পাওয়ারফুল ডিফেন্সের মিশ্রণে টানা পাঁচটি পয়েন্ট জিতে নেন। চাপের মধ্যেও লক্ষ্য নেট-কর্ড ফিনিশিং দিয়ে গেম এবং ম্যাচটি জিতে আদায় করে নেন ফাইনালে খেলার ছাড়পত্র।
