পুজোর আগে নতুন দুনিয়ায় পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার শুভ মহরত ঘটল সোমবার বিকেলে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর রবিবার ২২ গজে প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭ উইকেটে দুরমুশ করেছে সূর্য কুমার যাদবের দল। এদিকে এদিনই আবার সিএবিতে এসে দ্বিতীয়বার সভাপতি পদে মনোনয়ন জমা দেন সৌরভ। উল্টোদিকে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় বঙ্গ ক্রিকেট প্রশাসনে তাঁর দ্বিতীয় ইনিংস কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
তবে শুধু দ্বিতীয়বার সিএবি সভাপতি হওয়াই নয়। দুর্গাপুজোর আগে মহারাজের মুকুটে যুক্ত হল আরেকটি নতুন পালক। সোমবার থেকেই পথ চলা শুরু করেছে সৌরভের নতুন ফ্যাশন ব্র্যান্ড। যার নাম দেওয়া হয়েছে ‘সৌরাগ্য’। সৌরভের নামের সঙ্গে মিলিয়েই নামকরণ করা হয়েছে এই নতুন ব্র্যান্ডটির। এদিন ১৫ সেপ্টেম্বর, সোমবার ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেল দক্ষিণ কলকাতার একটি নামজাদা হোটেলে।
জানা যাচ্ছে, নারী-পুরুষ উভয়ের পোশাকই পাওয়া যাবে ‘সৌরাগ্য’-তে। পুরুষদের জন্য একদিকে যেমন থাকছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবিসহ নানাবিধ পোশাক। তেমনিই মহিলাদের জন্যও থাকছে শাড়ির সম্ভার। তবে ‘সৌরাগ্য’ কোনও শোরুম কিংবা আউটলেটের কথা ঘোষণা করেনি। বরং মহারাজের এই ব্র্যান্ড বিক্রি করা হবে একটি নির্দিষ্ট অনলাইন অ্যাপের মাধ্যমে। ক্রেতাদের সেই অ্যাপ ব্যবহার করেই কিনতে হবে পোশাক।
এদিকে নিজের ফ্যাশন ব্র্যান্ডের অনুষ্ঠানে এসে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও বড় বার্তা দিয়েছেন সৌরভ। রবিবার দুপুর থেকে সময়টা আক্ষরিক অর্থেই সৌরভময়। আগের দিন দ্বিতীয়বার সিএবি সভাপতি পদে মনোনয়ন দাখিল করার পর এদিন ‘সৌরাগ্য’ লঞ্চ করার সময় র্যাম্পে-ও হেঁটে অন্যরকম দাদাগিরি দেখিয়েছেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাও সাফ জানিয়ে দেন যে, সন্ত্রাস বন্ধ করতে হবে। কিন্তু ক্রিকেট বন্ধ করা যাবে না।
অপারেশন সিঁদুরের পর রবিবারের ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে বয়কটের ঝড় উঠেছিল গোটা দেশজুড়ে। দেশের একাধিক রাজনৈতিক দলের তরফে দেওয়া হয়েছিল পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি। সে বিষয়ে প্রশ্ন করা হলে এদিন সৌরভ বলেন, “সন্ত্রাস বন্ধ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু খেলাধুলা থামতে পারে না। সন্ত্রাস বন্ধ করতে হবে। শুধু ভারত কিংবা পাকিস্তান নয়, সারা বিশ্বেই।”
উল্লেখ্য, রবিবাসরীয় দুবাইয়ে ম্যাচ খেললেও পাকিস্তানকে অভিনব বয়কট করেছে মেন ইন ব্লু। ম্যাচ শেষে বিপক্ষের সঙ্গে করমর্দন থেকে বিরত ছিলেন সূর্য-গিলরা। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দলের জয় পহেলগাঁও কাণ্ডে নিহতদের উৎসর্গ করেন অধিনায়ক সূর্য কুমার যাদব।
Sourav Ganguly, Fashion Brand, IND Vs PAK, Asia Cup 2025, Indian Cricket, Boycott Pakistan
