নয়াদিল্লির গোল মার্কেট এলাকায় বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের একটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে একটি পিসিআর ভ্যান চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারায়।গাড়িটি রাস্তার ধারের র্যাম্পে উঠে যায় এবং ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনায় যুক্ত পুলিশ কর্মীদের মধ্যে এক সহকারী সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মেডিকেল পরীক্ষাও হবে বলে পুলিশ জানিয়েছে। এনিয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
নতুন দিল্লির অতিরিক্ত ডিসিপি এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, “এখানে একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃতের পরিবারকে সবরকম সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।”
