বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া। বুধবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফায়ারে নেমেছিলেন তিনি। এক থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করেছেন ভারতের অলিম্পিক্স সোনাজয়ী তারকা। তবে তার থেকেও বড় কথা, ফাইনালে এ বার পাকিস্তানি প্রতিদ্বন্দ্বী আরশাদ নাদিমের মুখোমুখি হবেন তিনি।
এর আগের বারও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। বৃহস্পতিবারের ফাইনালে তিনি নাদিমের বিরুদ্ধে নামবেন খেতাব রক্ষার লড়াইয়ে। গত বছর প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে সোনা খোয়াতে হয়েছিল নীরজকে। এ বার আবার এক ফাইনালে তার বিরুদ্ধে নামছেন নীরজ। লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখা।
যোগ্যতা অর্জন পর্বে প্রথম প্রচেষ্টাতেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন নীরজ। প্রথমেই ৮৪.৮৫ মিটারের থ্রো করেন তিনি। যদিও উল্টোদিকে নাদিমের জন্য ফাইনালে টিকিট নিশ্চিত করা এত সহজ ছিল না। প্রথম দুই প্রচেষ্টায় যথাক্রমে মাত্র ৭৬.৯৯ এবং ৭৪.১৭ মিটার ছোড়ার পর তৃতীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ৮৪.৫ মিটারের গণ্ডি অতিক্রম করতে সক্ষম হন।
গত রবিবার ক্রিকেটের এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচ জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। সব থেকে বড় বিতর্কিত ঘটনা হল, ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমার যাদবদের করমর্দন না করা। এই ঘটনায় কার্যত ঝড় বয়ে যাচ্ছে গোটা ক্রীড়া দুনিয়াজুড়ে। এই ঘটনার পর ইতিমধ্যেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ “শুয়োর” বলে আক্রমণ করেছেন ভারত অধিনায়ককে।
সেই আবহেই বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নীরজ এবং নাদিম। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল এবং উত্তেজনার জন্ম হচ্ছে এই ফাইনালকে কেন্দ্র করে। যদিও প্যারিসের ফাইনাল রাউন্ডে হারলেও মুখোমুখি লড়াইয়ে আরশাদ নাদিমের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১০-১ এগিয়ে রয়েছেন নীরজ। এ দিকে শুধু শুধু নীরজই নন। ফাইনালে রয়েছেন আরেক ভারতীয় শচীন। ৮৩.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সার্বিকভাবে ১০ নম্বরে থেকে ফাইনাল নিশ্চিত করেছেন গ্রুপ এ-তে ষষ্ঠ স্থানে শেষ করা এই তারকা।
