সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় অসমের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে ভারতীয় সঙ্গীত জগৎ। জনপ্রিয় এই শিল্পী উত্তর-পূর্ব উৎসবে পারফর্ম করার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে। কিন্তু উৎসব শুরুর আগেই এল চরম দুঃসংবাদ।
ম্যানেজমেন্ট টিমের বিবৃতি
জুবিনের ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত ও তাঁর টিম শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, “গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় শিল্পী জুবিন গর্গ আজ দুপুর ২.৩০ নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সিঙ্গাপুরে এসেছিলেন মাত্র দু’দিন আগে। আগামীকাল উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। আজ সকালে আমরা শাংগ্রি-লা হোটেলে সিঙ্গাপুরের শীর্ষ শিল্পোদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের লক্ষ্যে বৈঠক করছিলাম। এই সময় ফোনে খবর পাই যে, জুবিন দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে জানতে পারি, স্থানীয় অসমিয়া সমাজের কয়েকজন তাঁকে স্কুবা ডাইভিং-এর জন্য ইয়টে চড়িয়ে সমুদ্রে নিয়ে গিয়েছিলেন, যার বিষয়ে আমাদের কাছে আগে থেকে কোনও খবর ছিল না।
খবর পাওয়ার পরই আমরা হাসপাতালে ছুটে যাই এবং বর্তমানে হাইকমিশনের সঙ্গে মিলে দেহ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছি। এই ক্ষতি কথায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা উৎসব বাতিল করছি এবং জুবিনের আত্মার শান্তি কামনা করছি। ওঁ শান্তি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সমুদ্রে ডুব দেওয়ার সময় দুর্ঘটনার শিকার হন জুবিন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।
এই খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছে তাঁর পরিবার, ভক্তরা ও সারা অসম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গভীর শোক প্রকাশ করে বলেছেন, জুবিন গর্গ সঙ্গীত জগতের এক অমূল্য সম্পদ ছিলেন।
