অবশেষে মুক্তি পেল ‘হোমবাউন্ড’। মুক্তির জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের অনুমোদন পেয়েছে নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। ছবিতে ১১টি সংশোধনী করা হয়েছে। ৭৭ সেকেন্ডের ফুটেজ কেটে ফেলা হয়েছে ছবি থেকে। ক্রিকেট ম্যাচের একটি দৃশ্য ৩২ সেকেন্ড কমানো হয়েছে।
হোমবাউন্ড ছবিটি ধর্মা প্রোডাকশনস ব্যাকিংয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া, ও জাহ্নবী কাপুর। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে সিনেমাটি হলে মুক্তি পেয়েছে।
ছবিটি এই বছর ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছে। বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর এক্সামিনিং কমিটি ছবিতে বিভিন্ন আপত্তি তোলার পর, রিভাইজিং কমিটি ছবিটি ফের পর্যালোচনা করে। শেষে ১১টি সংশোধনীসহ U/A ১৬+ সার্টিফিকেট দেওয়া হয় ১২ সেপ্টেম্বর। অবশেষে আজই মুক্তি পেয়েছে এই ছবি।
ছয়টি স্থানে সংলাপ মিউট বা বদলানো হয়েছে। যেমন, “আলু গোভি খায়” সংলাপটি ৫ সেকেন্ডের জন্য কাটা হয়েছে। এক ব্যক্তির পুজো করার দুই সেকেন্ডের দৃশ্য সরানো হয়েছে। ২১ মিনিটের সংলাপ মিউট করে অন্য শট দিয়ে বদলানো হয়েছে। ‘জ্ঞান’ শব্দটি মুছে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ দৃশ্য থেকে ৩২ সেকেন্ড সংলাপ ও দৃশ্য কেটে ফেলা হয়েছে। এছাড়া ১৬ সেকেন্ডের একটি অংশ এবং ২০ সেকেন্ডের শট কেটে ফেলা হয়েছে। দুই সেকেন্ডের সংলাপ মিউট করা হয়েছে। চলন্ত গাড়ির দৃশ্য পরিবর্তন করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর গাইডলাইন অনুযায়ী সাজানো হয়েছে।
এই সংশোধনীর পর ছবির চূড়ান্ত সময় দাঁড়িয়েছে ১২২ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ২ মিনিট। সমালোচকরা বলছেন, ছবির শেষ দিকে দর্শকের চোখে জল আসে। ‘হোমবাউন্ড’-এর আসল সাফল্য হল, এই ছবি শুধু দেখার জন্য নয়, এই ছবি দর্শকদের দেবে এক অনন্য অভিজ্ঞতা। ছবিটি আজই সিনেমা হলে মুক্তি পেয়েছে। চলতি বছরের অস্কার প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবেও তালিকাভুক্ত ‘হোমবাউন্ড’।
