ইরাকে আট মাস ধরে আটকে রয়েছেন বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে নামখানার আটজন, কাকদ্বীপের ১জন, উস্থির ১জন ও পূর্ব মেদিনীপুরের দু’জন রয়েছেন। পরিবারগুলির অভিযোগ, প্রায় আট মাস আগে শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হলেও তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, এতদিন ধরে কাজ করানো হলেও বেতনও দেওয়া হয়নি। পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না তাঁরা। বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করলেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ।

আটকে থাকা শ্রমিকেরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক এজেন্টের মাধ্যমে নামখানার ৮ জন, কাকদ্বীপের একজন ও পূর্ব মেদিনীপুরের দু’জন শ্রমিক ইরাকের একটি কোম্পানিতে কাজে যান। তাঁদের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছিল। ভিসার মেয়াদও ছিল দু’বছর। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের আটকে রাখা হয়েছে। প্রায় আট মাস ধরে বিনা বেতনে জোর করে কাজ করানো হচ্ছে। পরিবারগুলির তরফে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে।
