
মুষলধারে বৃষ্টির জেরে দার্জিলিংয়ের সোনাদা এলাকার ইনটেক-এ ভয়াবহ ভূমিধস। সেই ধসের কবলে পড়ে নিখোঁজ কলকাতার ২৫ বছর বয়সি পর্যটক হিমাদ্রি পুরকাইত।
দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ কামারপোলের
বাসিন্দা হিমাদ্রি কিছুদিন আগে দার্জিলিংয়ে এসেছিলেন। তিনি সোনাদার অন্তর্গত ইনটেক এলাকায় একটি হোমস্টেতে ছিলেন।
গত দু’দিন ধরে টানা বৃষ্টির কারণে ওই এলাকায় ভূমিধসের কারণে হোমস্টেটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। হোমস্টেতে থাকা অন্যান্য পর্যটকদের উদ্ধার করা হলেও, ২৫ বছর বয়সি হিমাদ্রি পুরকাইত এখনও নিখোঁজ, উদ্ধার কাজ চলছে।
হোমস্টে-র মালিক জানিয়েছেন হিমাদ্রি পুরকাইত রাত ২টোয় তাঁকে ফোন করে বলেন, “আমি জল ও কাদায় ঘেরা। আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না, অন্য পর্যটকদের বাঁচান।” ফোন কল করার পর, রাত ২.১৫ থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আঞ্চলিক সদস্য এবং জিটিএ অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহানও জানিয়েছেন যে জিটিএ-র পক্ষ থেকে নিখোঁজ যুবকের পরিবারকে জানানো হয়েছে।

